গতকাল, শুক্রবার তৃণমূলের তরফে পুরসভার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ কড়া হয়েছে। এই তালিকা প্রকাশের পর থেকেই নানান জেলা থেকে তৃণমূল নেতা, বিধায়ক, সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রার্থী তালিকায় ঠাঁই না হওয়ার জেরে কেঁদে ভাসালেন পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের এক তৃণমূল নেতা।
শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরই বিক্ষোভ দেখান ক্ষীরপাইয়ের তৃণমূল সভাপতি তাপস ঘোষ। এদিন ফেসবুক লাইভে এসে টিকিট না পাওয়ার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি। এই নিয়ে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দেন। এর পাশাপাশি এও বলেন যে দলকে প্রতিষ্ঠিত করতে তিনি কতটা আত্মত্যাগ করেছেন। তবে আবার দল ছেড়ে কর্মজগতে প্রবেশ করার কথা ঘোষণা করেন তাপস ঘোষ।
তাপসের কথায়, “আমি কৃষক পরিবারের ছেলে। আমার অর্থনৈতিক অবস্থা খারাপ। আমি দীর্ঘ দিন তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে ছিলাম। একের পর এক ভোটে দলের কাজ করেছি। দলকে বাঁচিয়ে আমি এখন অসহায়। সিপিএম, বিজেপি-র দালালরা তৃণমূল করে চাকরি পেয়েছে। কিন্তু আজ আমরা কুকুরে পরিণত হয়েছি”।
টিকিট না পাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, “আমার টাকা নেই বলে আমি টিকিট পেলাম না। আগামী দিনে দলের পাশে থাকতে পারব না। কারণ আমাকে কর্মজগতে প্রবেশ করতে হবে। পরিবারকে দেখতে হবে। দল ভাল থাকুক। আর আমার যারা খারাপ চায়, তারা যেন মারা যায়”।
এদিন ফেসবুক লাইভ করার সময় আবেগপ্রবণ হয়ে কেঁদেও ফেলেন তাপস। চখের জল মুছতে দেখা যায় তাঁকে। তাপসের এই বক্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের তরফে।






