খাট নিয়ে এবার দুই রাজনৈতিক দলের খটখট। গত শুক্রবার ময়নাগুড়িতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে খাট ভেঙে পড়ে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই ঘটনার পরদিনই অর্থাৎ শনিবারই ওই মৃতা নাবালিকার বাড়িতে নতুন খাট পৌঁছে দিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। শুধু তাই-ই নয়, এদিন শুভেন্দুকে ‘গোপাল ভাঁড়’ বলে কটাক্ষ করার পাশাপাশি নির্যাতিতার ভাইয়ের পড়াশোনার জন্য আর্থিক সাহায্যও করেন তৃণমূল নেতা।
জানা গিয়েছে, এদিন দুপুরে সৈকত চট্টোপাধ্যায় কয়েকজন দলীয় কর্মীকে নিয়ে যান ময়নাগুড়িতে নির্যাতিতার বাড়িতে। ওই পরিবারের হাতে তুলে দেন একটি স্টিলের খাট। এরপরই শুভেন্দুকে ‘গোপাল ভাঁড়’ বলে কটাক্ষ করে তিনি বলেন, “বাংলার রাজনীতির গোপাল ভাঁড় মর্মান্তিক মৃত্যু নিয়ে রাজনীতি করতে এসেছিলেন। এই পরিবারের সদস্যদের প্রতি কোনও দায়বদ্ধতা নেই বিজেপির। নাবালিকার মৃত্যুর প্রকৃত তদন্তের আশ্বাস দিয়ে সৈকত চট্টোপাধ্যায় বলেন, “আমরা এই ঘটনায় জড়িত সকলেরই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পরিবারের লোকেদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আমরা”।
এদিন নাবালিকার ছোট্ট ভাইয়ের পড়াশোনায় জন্য যদি কখনও কোনও সাহায্য প্রয়োজন হয়, তাহলে সে ব্যাপারেও সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তৃণমূল নেতা। এছাড়া এদিন নাবালিকার পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্যও তুলে দিয়েছেন তিনি।
বলে রাখি, গত শুক্রবার ময়নাগুড়িতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরিবারের সঙ্গে কথা বলার জন্য যেই তিনি খাটে বসেন, তখনই ঘটে বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খাটটি। কোনওরকমে তাঁকে উদ্ধার করেন তাঁর দেহরক্ষীরা।
এই ঘটনার ভিডিও সামনে আসতেই তুমুল ভাইরাল হয়ে যায়। সেদিনের ওই ঘটনার পর অসহায় ওই পরিবারকে এখনও পর্যন্ত নতুন খাট দিয়ে সাহায্য করে নি বিজেপি। তবে তড়িঘড়ি সেই কাজ সেরে ফেলল তৃণমূল। সেই নিয়ে কটাক্ষও ছুঁড়ে দিল বিজেপির দিকে। এই নিয়ে এখন রাজ্য রাজনীতি বেশ উত্তাল।





