জোর করে বিজেপি কর্মীর (BJP worker) জায়গা জবরদখলের (forcibly occupied land) অভিযোগ। এমনকি, বাধা দিতে গেলে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের (TMC leader) বাবাকে কাঠগড়ায় তোলা হয়েছে। লিখিত অভিযোগ জানানো হয়েছে নরেন্দ্রপুর থানায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে সোনারপুর ব্লকের খেয়াদহ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কাঠিপোতায়। অভিযোগের ভিত্তিতেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় চলছে পুলিশি টহলদারি। সেই এলাকায় আপাতত সব ধরণের নির্মাণকার্য বন্ধ রাখা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে যদিও গ্রেফতার করা হয়নি এই ঘটনায়।
সূত্রের খবর, ওই বিজেপি কর্মীর নাম শ্যামলী দাস। তাঁর ছোটো ছেলে মিলন দাস ওই এলাকায় বুথের বিজেপির সভাপতি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই শ্যামলীদেবী দুই ছেলে ঘরছাড়া। ভোট পরবর্তী সময়ে তাদের বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপর থেকেই ছোটো পুত্রবধূকে নিয়ে ওই ভাঙা বাড়িতেই থাকেন শ্যামলী দেবী।
বিজেপি নেত্রীর অভিযোগ, এই বুথের পুর্বতন পঞ্চায়েত সদস্য ও বর্তমান পঞ্চায়েত সদস্যার বাবা উমা বাগের নেতৄত্বে জোর করে তাঁর জায়গা দখল করা হয়েছে। সেখানে বাড়ি তৈরি করা করছে ওই তৃণমূল নেতা ৷ এই খবর পেয়ে বাধা দিলে মারধরও করা হয় তাঁকে, এমনও অভিযোগ করেছেন তিনি৷ এই ঘটনায় তিনি নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷
যদিও এই গোটা বিষয়টি অস্বীকার করেছেন উমা বাগ ও তাঁর পরিবার। উমার মেয়ে রীতা মণ্ডলের দাবী, “অভিযোগ ভিত্তিহীন৷ সামনে পঞ্চায়েত ভোট বিজেপির এলাকায় কোনও সংগঠন নেই৷ নিজেদের প্রাসঙ্গিক করে তুলতেই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে”।





