চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ এর আগেও একাধিকবার এসেছে। এমন অভিযোগে নাম উঠেছে একাধিক তৃণমূল নেতার। নিয়োগ দুর্নীতির কারণে বর্তমানে জেলবন্দি রয়েছেন শাসক দলের অনেক নেতা-মন্ত্রী। এসবের মাঝেই ফের টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে সেই নেতাকে।
কোথায় ঘটেছে এমন ঘটনা?
ঘটনাটি ঘটেছে রাণাঘাটে। ধৃত ওই তৃণমূল নেতার নাম সৌভিক ঘোষ ওরফে গুড্ডু। পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের ডিসেম্বর মাসে নদিয়ার এক বাসিন্দা পার্থ মাইতির সঙ্গে আলাপ হয়েছিল বেশ কিছুজনের। ডায়মন্ড হারবার শাখার হোটর স্টেশনে তাদের সঙ্গে আলাপ হয়েছিল পার্থ মাইতি নামের ব্যক্তির। জানা গিয়েছে, তারা পার্থ মাইতিকে জানায় তারা রাজ্য সরকারি কর্মচারী।
এখানেই শেষ নয়, তারা পার্থ মাইতিকে এও জানায় যে তারা তাঁকে গ্রুপ ডি-তে চাকরির ব্যবস্থা করে দিতে পারী। সেই কথায় বিশ্বাস করে নেন পার্থবাবু। এরপরই শুরু হয় টাকা হাতানো। একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পার্থবাবুর থেকে ৯ লক্ষ টাকা হাতানো হয় বলে অভিযোগ।
পরবর্তীতে পার্থবাবু বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপরই ডায়মন্ড হারবার জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্ত করতে গিয়েই সামনে আসে নদিয়ার রাণাঘাটের এই তৃণমূল নেতার নাম। এরপরই গতকাল, রবিবার ওই তৃণমূল নেতাকে আইসতলা থেকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে নদিয়া জেলা পরিষদের আসনে আইসতলা থেকে তৃণমূলের টিকিট পেয়ে ভোটে দাঁড়িয়েছিলেন এই সৌভিক ঘোষ। আজ, সোমবার তাকে আদালতে পেশ করা হয় বলে খবর।





