ফের উত্তাল পরিস্থিতি উত্তর ২৪ পরগণার টিটাগড়ে। এলাকা দখল নিয়ে দু’পক্ষের মধ্যে বচসার মাঝেই চলল গুলি। যুবককে লক্ষ্য করে গুলি চালান তৃণমূল নেতা। পুলিশ আটক করেছে ওই তৃণমূল নেতাকে।
জানা গিয়েছে, অভিযুক্ত টিটাগড় পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নাম ইনাম খান। গতকাল, মঙ্গলবার আচমকাই এলাকা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। ঝামেলা বাঁধে টিটাগড় পুরসভা ৪ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিষ্ণু সিং শাগরেদ মিঠুন ওরফে তামামের সঙ্গে। এর জেরে বেশ উত্তপ্ত হয় পরিস্থিতি।
এই বচসার মাঝেই আচমকাই মিঠুনকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে ইনাম খানের বিরুদ্ধে। একটুর জন্য প্রাণে বাঁচেন মিঠুন। এদিন সন্ধ্যে ৭টা নাগাদ অভিযুক্তকে আটক করে খড়দহ থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চলছে এই ঘটনার।
বলে রাখি, উত্তর ২৪ পরগণার খড়দহ, টিটাগড়, জগদ্দল, ভাটপাড়া মাঝেমধ্যেই নানান ঘটনায় উত্তপ্ত হয়। এই জায়গায় হামেশাই গুলিগালা বা বোমাবাজির খবর শোনা যায়। কিছুদিন আগেও টিটাগড়ের অরুণপাড়ায় চলেছিল গুলি। মৃত্যু হয়েছিল মহম্মদ হাসান নামের এক যুবকের। তাঁর বাড়ির সামনে বাইকে করে এসেই পরপর তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।





