জাতীয় সঙ্গীতের অপমান, সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকার পরিবর্তে দলীয় পতাকা তুললেন তৃণমূল নেতারা, নিন্দার ঝড় রাজ্যজুড়ে

গতকাল ছিল ৭৩তম সাধারণতন্ত্র দিবসস। এদিন প্রত্যেক রাজ্যেই ছিল সাজো সাজো রব। নানান অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে এই বিশেষ দিন। এদিন দিল্লির রাজপথ থেকে শুরু করে কলকাতার রেড রোড, সর্বত্র ছিল নানান আয়োজন। করোনা আবহে এই বছরের সাধারণতন্ত্র দিবসে কোনও বিদেশি অতিথি উপস্থিত না থাকলেও, এ বছর নানান সাফাইকর্মী, মেথর, নার্স, নির্মাণকর্মীদের নিয়ে রাজপথে পালিত হয় সাধারণতন্ত্র দিবস।

সূত্রের খবর অনুযায়ী, এবারের সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে প্রথমবার মোট ৫৬৫ জন সাধারণ ভারতীয় নাগরিক উপস্থিত ছিলেন কুচকাওয়াজ দেখার জন্য। তাঁরা সকলে এই আমন্ত্রণ এবং সুযোগ পেয়ে বেশ খুশি। আমন্ত্রিতদের তালিকায় একজন ছিলেন বাঙালি শ্রমিক। তিনি কেন্দ্রের সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্টে কর্মরত।

তবে সাধারণতন্ত্রের একটি ভিডিওকে ঘিরে ইতিমধ্যেই বেশ হইচই শুরু হয়েছে। ভিডিও এই রাজ্যের। এই ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ভিডিওতে তৃণমূল নেতাদের সাধারণতন্ত্র দিবসের দিন তৃণমূলের পতাকা উত্তোলন করতে দেখা গিয়েছে। এরই সঙ্গে জাতীয় সঙ্গীতও গান তারা।

এই ভিডিও শেয়ার করে শুভেন্দু লিখেছেন, “লজ্জাজনক যে তৃণমূল সদস্যরা পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণ চন্দ্র বাউরির উপস্থিতিতে জাতীয় সঙ্গীতকে অপমান করছে। এছাড়াও, প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য জাতীয় পতাকার পরিবর্তে টিএমসি পতাকা উত্তোলন করা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক”।

এর পাশাপাশি, শুভেন্দু এও অভিযোগ করেন যে তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন বলে তাঁকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। তৃণমূলের এই কর্মকাণ্ডের জেরে নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে।

RELATED Articles