‘লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার ব্যবস্থা করতে হবে’, জনসভায় মহিলাদের উপস্থিতি কম দেখে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা

জনসভায় তেমন মহিলাদের উপস্থিতি চোখে পড়ে নি। আর সেই কারণেই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন, এমন হুঁশিয়ারি শানালেন ঘাটাল (Ghatal) সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান অমল পণ্ডা (Amal Panda)। তৃণমূল নেতার এহেন মন্তব্যের জেরে যে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। শুরু হয়েছে বিতর্কও।

গতকাল, বৃহস্পতিবার ঘাটাল লোকসভার সাংগঠিনক জেলার কিষাণ খেত মজুর সংগঠনের উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন পূর্ণেন্দু বসু ও একাধিক দাপুটে নেতারা। সেই জনসভাতে বক্তব্য রাখতে গিয়েই বেফাঁস মন্তব্য করে বসেন ঘাটাল সংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান অমল পণ্ডা। তিনি এদিন মঞ্চ থেকে দেখেন যে জনসভায় মহিলাদের উপস্থিতি অত্যন্ত কম। তা দেখেই রেগে যান তিনি।

এদিন সভা থেকে অমল পণ্ডা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যা সুযোগ সুবিধা দিয়েছেন তা আমরা ভুলে গিয়েছি। আজকের অনুষ্ঠানে মহিলা ও পুরুষের সংখ্যা সমান সমান। কিন্তু মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। বোনেদের জন্য নানা প্রকল্প। তারপরও মহিলাদের সংখ্যা এত কম”।

এরপরই কার্যত হুঁশিয়ারি দিয়েই অমলবাবু বলেন, “আমি পূর্ণেন্দু দাকে বলব দিদির সঙ্গে কথা বলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। মেয়েদের সংখ্যা এত কম হলে চলবে কেন? আমি দুধ খাব কিন্তু গরু আমি পালব না, এটা হয়”?

তৃণমূল নেতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি শিবির। তাঁদের কথায়, “তৃণমূলের সংস্কৃতি হল মহিলাদের অপমান করা। ওরা যে ৫০০ টাকা দিয়ে ভোট কিনতে চেয়েছিল, তা আজ স্পষ্ট”।

RELATED Articles