চলন্ত ট্রেন থেকে খোয়া গেল এক কোটি টাকার সোনা। রেল পুলিশে অভিযোগ করলেন এক ব্যবসায়ী যাত্রী। তিনি রাজস্থানের ব্যবসায়ী বলে জানা গিয়েছে। তাঁর দাবী, তিনি দু’কেজি সোনার গয়না ও দু লক্ষ টাকা নিয়ে ভ্রমণ করছিলেন। দু’টিই গায়েব হয়ে যায় চলন্ত ট্রেন থেকে। এই ঘটনাটি ঘটেছে কামাখ্যা এক্সপ্রেসে বিহারের আরা থেকে পাটনার মধ্যে।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযোগের সপক্ষে সামান্য তথ্যপ্রমাণ না পাওয়ায় ব্যবসায়ীর কোনও মতলব আছে বলে সন্দেহ করেছে। পুলিশের একাংশের ধারণা, ব্যবসায়িক বা পারিবারিক কোনও সমস্যা থেকে রেহাই পেতেই ওই যাত্রী গল্প ফেঁদে থাকতে পারেন। কারণ, সিসিটিভি ক্যামেরা এবং সহযাত্রীদের জিজ্ঞাসাবাদ করে চুরির প্রাথমিক তথ্যপ্রমাণটুকুও উদ্ধার করতে পারেনি তারা।
ওই ব্যবসায়ীর নাম মনোজ কুমার। তিনি রাজস্থানের নাগৌর জেলার ব্যবসায়ী। জৈন পাটনা জংশন রেল স্টেশনে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর কথায়, তিনি অসমের তপননগরে ব্যবসা করেন। তিনি জানিয়েছেন যে তিনি ট্রেনে দুটি ব্যাগ নিয়ে উঠেছিলেন। একটিতে ছিল দুই কেজির সোনা ও অন্যটিতে নগদ দু’লক্ষ টাকা।
ওই ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন যে চুরি যাওয়াওই গয়নাগুলি তাঁর পারিবারিক সম্পত্তি। ওই ব্যাগ দুটি তাঁর মাথার নিচে রাখা ছিল। রাত পর্যন্ত ব্যাগগুলি সেখানেই ছিল কিন্তু সকালে তিনি টের পান যে ব্যাগদুটি চুরি হয়েছে। ওই ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রেল পুলিশ সুপার অনিল কুমার।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজনের হাতে ব্যাগটি দেখা যায়নি। সেই কারণে ব্যবসায়ীর বয়ানের সত্যতা নিয়ে বেশ সন্দেহ জাগছে পুলিশের মনে। ওই ব্যক্তি আবার বারবার বয়ান বদলাচ্ছেন বলেও জানা গিয়েছে। সেই কারণেই পুলিশের অনুমান, ওই ব্যবসায়ী হয়ত কোনও সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য এই চুরির গল্প ফেঁদেছেন।





