গরু পাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। আর এই গ্রেফতারির পরই তৃণমূলের তরফে নানান হুঁশিয়ারি, হুমকি শানানো হচ্ছে বিজেপিকে (BJP)। এবার আউশগ্রামের ২ নম্বর ব্লকের তৃণমূলের (TMC) কার্যকরী সভাপতি অরূপ মিদ্যা (Arup Midya) হুমকি বললেন, “আমাদের লাখো লাখো অনুব্রত তৈরি হয়েছে”। তৃণমূল নেতার এহেন মন্তব্যে স্বভাবতই বেশ বিতর্ক দানা বেঁধেছে।
গতকাল, শুক্রবার অনুব্রতকে গ্রেফাতারির প্রতিবাদে একটি পথসভা করেছিলেন তৃণমূল নেতা অরূপ মিদ্যা। সেখান থেকেই একের পর এক মন্তব্য করে বিজেপিকে হুমকি দেন তিনি। বলেন, “বিজেপি বোম ফাটিয়ে বিজয় উল্লাস করছে। আমাদের ছেলেদের বলে দিলে ওদের খুঁজে পাওয়া যাবে না। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। পুলিশকে বলে দিয়েছি সরকারটা এখনও তৃণমূলের”।
এরপরেই তিনি বলেন, “আমাদের নেতারাই এক একজন অনুব্রত। উনি যে বীজ বপন করেছেন তাতে আমাদের লাখো লাখো অনুব্রত তৈরি হয়েছে। তারা গোটা এলাকা কাঁপিয়ে দেবে। আমরা ভয় পাওয়ার পাত্র নয়। আর ভয়ও করি না”। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে বেশ বিতর্কের রেশ ছড়িয়েছে। বিরোধীদের কথায়, তৃণমূল যে চোর, তোলাবাজদেরই দল, তা তৃণমূল নেতার মন্তব্য থেকেই বোঝা যায়।
অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বিরোধীরা গুড়-বাতাসা, নকুলদানা বিলি করে ঢাক-ঢোল বাজিয়ে উল্লাসে মেতেছিল বাম-বিজেপিরা। এরপরই একের পর এক তৃণমূল নেতাকে শোনা যাচ্ছে বিজেপিকে হুমকি দিতে। তাদের নানান মন্তব্য যে ফের নতুন করে বিতর্কের সৃষ্টি ক্রহে তা বলাই বাহুল্য।
এর আগে ইলামবাজারের তৃণমূল নেতা দুলাল রায় হুংকার দিয়ে বলেছেন, “নকুলদানা, গুড় বাতাসা বিলি করা হলে পিঠের চামড়া চড়াম চড়াম করে বাজবে”। আবার অন্যদিকে, বীরভূমের তৃণমূলের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য হুংকার দিয়ে বলেন, “অনুব্রতর বিরুদ্ধে কেউ বললেই পিটিয়ে মাজা ভেঙ্গে দেবে তৃণমূল কংগ্রেস”।





