লোকসভা ভোটের আর বেশিদিন বাকি নেই। তৃণমূলের তরফে সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। নানান রাজনৈতিক দলের প্রার্থীরাই জোরকদমে চালাচ্ছেন প্রচার। পিছিয়ে নেই রচনা বন্দ্যোপাধ্যায়ও। হুগলির কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। তবে প্রচারে নেমে বারবার নানান বিতর্কে জড়াচ্ছেন রচনা। এবারও তেমনটাই হল।
রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য হুগলিতে প্রচারে নেমেছিলেন তৃণমূল নেতা বেচারাম মান্না। এই প্রচারে নেমে বেফাঁস কথা বলে নিজের দলকে বিড়ম্বনায় ফেললেন তিনি। একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে এক তৃণমূল নেতার গলা শোনা গিয়েছে (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)। সেই তৃণমূল নেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘৪ লাখ চাই’। গলা ফাটিয়ে চিৎকার করছেন তিনি। আর গলার স্বর শুনে বেশ বোঝা গেল সেই ব্যক্তিটি হলেন বেচারাম মান্না। কিন্তু প্রশ্ন হল, এই ‘৪ লাখ চাই’ কথাটি কাকে বললেন তিনি?
কাকে এমন হুঁশিয়ারি তৃণমূল নেতার?
ওই ভিডিওতে দেখা গিয়েছে, ভোট প্রচারে বেরিয়ে কোনও এক মন্দিরে পুজো দিতে ঢোকেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মন্দিরের দেবীর উদ্দেশে এক তৃণমূল নেতাকে বলতে শোনা যায়, “মা, ৪ লাখ ভোট চাই”। অর্থাৎ ঠাকুরের সঙ্গে দরাদরি করতে শোনা যায় সেই ব্যক্তিকে। যথাসম্ভব সেই ব্যক্তি বেচারাম মান্না। দেবীর সঙ্গে এমন দর কষাকষি দেখে তৃণমূল নেতার দিকে তীব্র নিন্দা ছুঁড়ে দিলেন নেটিজেনরা।
এই ভিডিও দেখে অনেকেরই মত, তৃণমূলের নেতাদের অভ্যেস রয়েছে, এভাবে ভয় দেখিয়ে হুঁশিয়ারি দিয়ে কাটমানি চাওয়ার। আর এখানেই দেবীর মন্দিরেও সেই কারণে এমন হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেতা, এমনটাই মত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। তৃণমূল নেতা যখন এমন হুঁশিয়ারি দিচ্ছেন, সেই সময় রচনাকে দেখা গেল মোমবাতি হাতে ঠাকুরের উদ্দেশে প্রার্থনা করতে। তৃণমূল নেতার এই ব্যবহারকে তীব্র কটাক্ষ করেছেন সকলে।
প্রসঙ্গত, প্রার্থী হওয়ার পর প্রচারে বেরিয়ে নানান মন্তব্যের বিতর্কের মুখে পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কখনও তাঁকে বলতে শোনা গিয়েছে, “হুগলির মানুষরা খুব ভাগ্যবান যে আমাকে প্রার্থী হিসেবে পেয়েছেন”। আবার কখনও তিনি বলেছেন, “হুগলিতে তো চারিদিকে ধোঁয়াই ধোঁয়া, কারখানা হয় নি কোথায়”। নিজের এমন নানান মন্তব্যের কারণে বারবার কটাক্ষের মুখে পড়েছেন তৃণমূল নেত্রী। আর এবার তাঁর সঙ্গে প্রচারে বেরোনো তৃণমূল নেতার মন্তব্যেও যে রচনাকেই বেশ বিতর্কের মুখে পড়তে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।





