‘আপনি নিজে চান নি যে চাকরি হোক’, বিজেপিতে যোগ দেওয়ায় এবার অভিষেকের নিশানায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সদ্যই বিচারব্যবস্থাকে বিদায় জানিয়ে রাজনীতির ময়দানে পা দিয়েছেন তিনি। বিচারপতি থাকার সময় চাকরিপ্রার্থীদের হয়ে লড়াই করেছেন তিনি। এবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ বাণে বিঁধলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্য চাকরি পান নি প্রার্থীরা, এমনটা দাবীও করলেন তৃণমূল সাংসদ।

যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে টালবাহানা। সেই মামলা লড়ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে পরবর্তীতে সেই মামলা থেকে যদিও সরানো হয় তাঁকে। সম্প্রতি বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটে তিনি তমলুক কেন্দ্র থেকে লড়তে পারেন বলেও শোনা যাচ্ছে। এবার তাঁকেই একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেককে প্রশ্ন করা হয়, যে সব চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে প্রতিবাদ করছেন, তাদের চাকরি কবে হবে? সেই প্রশ্নের জবাবে অভিষেক বলেন, “যে বিচারপতি এই মামলা শুনছিলেন তাঁর ভূমিকা এখন স্পষ্ট হয়ে গিয়েছে। রাজ্য সরকার তার মানসিকতা এবং অবস্থান স্পষ্ট করেছে। আমরা চাকরি দিতে চাই। রাজ্য সরকার যদি সুপার নিউমেরিক পোস্ট করে চাকরি দিতে চায় সেক্ষেত্রে আপনি বলছেন সিবিআই করে দেব। তাঁদের বাদ দিয়ে যদি নোটিফিকেশন করা হয় সেটা করতে দেওয়া হচ্ছে না”।

অভিষেকের কথায়, “এবার রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা শুনছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের পক্ষ থেকে বলা হয়, আমরা যে কোনওভাবে চাকরি দিতে চাই। আপনারা বলুন কোন পন্থা অবলম্বন করবেন। আমরা যাঁদের চাকরি দিয়েছিলাম তাঁদের চাকরি বাতিল করে নতুন করে চাকরি দেওয়া হবে। না হলে অতিরিক্ত সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে চাকরি দেওয়া হবে। এই আবেদন করার জন্য তিনি সিবিআই দেন”।

অভিষেকের দাবী, অভিজিৎ গঙ্গোপাধ্যায় লাইমলাইটে থাকার জন্যই এমন কাজ করেছেন। তিনি এও বলেন, “আপনি নিজে চাননি চাকরি হোক। কারণ সেটা হলে আপনি মিডিয়া ফুটেজ পাবেন না”।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি নিয়ে যখন কলকাতা হাইকোর্টে মামলা হয়, সেই সময় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর ফলে নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। তখন তৃণমূলের তরফে দাবী করা হয়েছিল, চাকরি নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি করছেন। এবার তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর চাকরিপ্রার্থীদের চাকরি না পাওয়া নিয়ে তাঁর দিকেই ফের আঙুল তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles