‘তৃণমূলে আছি, তৃণমূলেই থাকব’, তৃণমূল ভবন থেকে শীর্ষ নেতৃত্বের ডাক পড়তেই সুর পালটালেন হুমায়ুন কবীর

পঞ্চায়েত ভোটের আগে থেকেই দল বিরোধী নানান মন্তব্য করেছেন তিনি। স্থানীয় নেতৃত্বকে নিয়ে বারবার ক্ষোভ উগড়ে দিয়েছেন। পঞ্চায়েত ভোটের পর দলের তরফে শোকজ করা হয় তাঁকে। সেই সময় তিনি নিজের আলাদা দল গড়ার আভাস দিয়েছিলেন। এরই মধ্যে আগামীকাল, শনিবার তৃণমূল ভবনে ডাক পড়েছে তাঁর। আর এরপরই ভোল বদলালেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

আগামীকাল, শনিবার হুমায়ুন কবীরকে তৃণমূল ভবনে ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে এদিন রাজ্য নেতৃত্ব বৈঠক করবে। এই বৈঠকে থাকবেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিমরা। দলের বিরুদ্ধে মন্তব্য করার আবহেই এমন কথাও রটেছে যে হুমায়ুন কবীর নাকি তলে তলে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে এসব কিছুই অস্বীকার করেছেন হুমায়ুন।

কী জানালেন হুমায়ুন কবীর?

আজ, শুক্রবার এ নিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, “উচ্চ নেতৃত্বের সঙ্গে আমার কোনওদিন সমস্যা ছিল না। শোকজের জবাবও দিয়েছি। আর নতুন দল করার কোনও প্রশ্নই নেই”।

এদিন অধীর-যোগের কথা উঠতেই তৃণমূল বিধায়ক বলেন, “অধীর চৌধুরীর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। কেউ কেউ এ নিয়ে মিথ্যা রটাচ্ছে। অথচ জেলার বেশ কিছু তৃণমূল নেতা অধীরের সঙ্গে যোগাযোগ রাখে”।

তাঁর সংযোজন বলেন, “দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমার কোনও সংঘাত ছিল না বা নেইও। যা সমস্যা হয়েছিল ত্রিস্তর পঞ্চায়েতের টিকিট বণ্টন নিয়ে। যে বিধানসভার আমি নির্বাচিত সদস্য, সেখানে ২০২১ সালে যাঁরা খেটে দলকে জিতিয়েছিলেন, তাঁদের সরিয়ে রেখে টিকিট বণ্টন করা হয়েছিল। তাতেই জেলা নেতৃত্বের সঙ্গে আমার সংঘাত। এরপর সুব্রত বক্সী আমাকে একটি শোকজের চিঠি দেন। গত ২৯ জুলাই তা হাতে পাই। ১ অগস্ট তাঁর সঙ্গে যোগাযোগ করি। জবাবও দিয়েছি”।

এর আগে অনেকবার দলবদল করেছেন হুমায়ুন

দলবদলের রেকর্ড রয়েছে হুমায়ুন কবীরের। কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব দলেই একবার করে ঢুঁ মারা তাঁর। নিন্দুকদের মতে, হুমায়ুন কবীর নাকি পোশাক বদলানোর মতো দল বদলান। সেই কারণেই ফের তাঁর দলবদল নিয়ে সম্প্রতি তুমুল জল্পনা তৈরি হয়। পঞ্চায়েত ভোটের আগে বারবার দল বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। তবে এবার তিনি সাফ জানিয়ে দিলেন যে কনপ দলবদল করছেন না তিনি।

RELATED Articles