ফের তৃণমূলের (TMC) বিরুদ্ধে বিজেপি (BJP) কর্মীকে খুনের অভিযোগ। মৃত্যুর আগে সেই বিজেপি কর্মী স্পষ্ট নাম উল্লেখ করলেন তৃণমূল কংগ্রেসের! গোটা ঘটনায় ক্ষুব্ধ গেরুয়া শিবির। যদিও তৃণমূলের দাবি গ্রামবাসী চাই ওই বিজেপি কর্মীদের মারধর করেছেন। গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি কর্মীর পরিবার।
কালনার (Kalna) পাথরঘাটা গ্রামে সম্প্রতি ১০০ দিনের কাজ চলছিল। এই কাজ চলাকালীন আজ সকালে গ্রামের রবীন পাল নামে এক সক্রিয় বিজেপি কর্মীর বাড়ির গাছ কাটতে শুরু করেন ১০০ দিনের কাজের কর্মরত মানুষরা। পরিবারের অভিযোগ, রবীন পাল (Rabin Paul) এই ঘটনার প্রতিবাদ করতে গেলেই তাঁকে তৃণমূলের উপপ্রধান সহ আরো তৃণমূল কর্মী সমর্থক এসে প্রবল মারধর করেন। এমনকি তাঁকে তাঁর বাড়ি থেকে অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে প্রহার করা হয়। তাঁর মেয়ে তাঁকে জল দিতে গেলে মেয়েকেও মারা হবে বলে শাসানো হয়!
এরপরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি কিছুক্ষণ পরে মারা যান। মৃত্যুর আগে অবশ্য তিনি বয়ান দিয়ে যান, তৃণমূলের কর্মীরাই তাকে মারধর করেছে। পরিবারের পক্ষ থেকে কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গোটা ঘটনায় স্থানীয় বিজেপি অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। যদিও তৃণমূলের বক্তব্য এই বিজেপি কর্মীকে গ্রামবাসীরা মারধর করেছে তবে যেহেতু মৃত্যুর আগে এই বিজেপি কর্মী নিজমুখে বয়ান দিয়ে গিয়েছেন তাই তৃণমূল এক্ষেত্রে একেবারেই ব্যাকফুটে চলে গিয়েছে।





