কেন্দ্র সরকারকেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে। কারণ, রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্র সরকারের হাতেই জিএসটি-সহ নানান কর তুলে দেন। গতকাল, শুক্রবার এমনই অদ্ভুত দাবী করে বসলেন কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর এই মন্তব্যের পাল্টা কটাক্ষও করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে।
রাজ্য সরকার সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ বাকি রেখেছে। একাধিকবার আদালত রাজ্যকে ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে। কিন্তু রাজ্য তা মেটায় নি। এবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কেন্দ্রকেই দিতে হবে বলে দাবী করে বসলেন রবীন্দ্রনাথ ঘোষ। গতকাল, শুক্রবার কোচবিহার পুরসভায় নিজের অফিসে সাংবাদিক বৈঠক করে এমনই দাবী করেন তৃণমূল নেতা।
এদিন রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “জিএসটি, সেস সহ কেন্দ্রীয় সরকারের যত রকমের ট্যাক্স রয়েছে। সেগুলি তো সবই রাজ্য সরকারের কর্মচারীরাই তুলে দেন। তাহলে কেন্দ্রীয় সরকার ডিএ শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেবেন কেন। কেন তারা রাজ্যের সরকারি কর্মচারীদের তা দেবেন না। আর তা না হলে রাজ্য সরকারের কর্মচারীরাই বা কেন তাদের হাতে ট্যাক্স সংগ্রহ করে তুলে দেবেন”।
তৃণমূল নেতার এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে বিজেপির জেলা সহ-সভাপতি সঞ্জয় চক্রবর্তী বলেন, “সংবিধানের পরিপন্থী কথা বলাটাই রবিবাবুদের অভ্যাস। কেন্দ্রীয় সরকার যে ট্যাক্সটা তুলে নিয়ে যায় তার নির্দিষ্ট পরিমাণ ভাগ যথাসময়ে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলিকে দিয়ে দেয়। ফলে সমস্ত কিছু জানার পরও মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে রবিবাবুরা সংবিধান বিরোধী এই সব কথা বলে থাকেন। কারণ এসব বলা ছাড়া রবিবাবুদের সামনে আর কোনও রাস্তা খোলা নেই এখন”।





