দলীয় কর্মীদের নিয়ে স্ট্রং রুমে ঢুকে পড়লেন নির্মল মাজি, ব্যালট বাক্স চুরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, তুমুল শোরগোল উলুবেড়িয়ায়

গত শনিবার রাজ্যে ছিল পঞ্চায়েত নির্বাচন। এদিন রাজ্যের একাধিক প্রান্ত থেকে হিংসা, খু’ন, বোমাবাজি, ভোট লুটের ঘটনা উঠে এসেছে। তবে এদিন যে সমস্ত এলাকায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, তার মধ্যে রয়েছে হাওড়া। কিন্তু ভোটের পরদিন অর্থাৎ রবিবার সেখানেও দেখা গেল অশান্তি। ব্যালট বাক্স চুরির অভিযোগ উঠল উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে। 

কী অভিযোগ নির্মল মাজির বিরুদ্ধে? 

জানা গিয়েছে, উলুবেড়িয়ার খলিসানিতে ১৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এক বেসরকারি স্কুলে তৈরি করা হয়েছে স্ট্রং রুম। সেখানেই উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের সমস্ত বুথের ব্যালট বাক্স রাখা হয়েছে। অভিযোগ, গতকাল, রবিবার রাতে সেই স্ট্রংরুমেই দলীয় কর্মীদের নিয়ে ঢোকেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। সেই স্ট্রং রুম থেকে ব্যালট বাক্স চুরি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও নির্মল মাজির দাবী, পুরোটাই গুজব। তৃণমূলের কথায়, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

বিজেপি নেতার দাবী কী ? 

এদিকে, আজ, সোমবার ভোর রাতে এই নিয়ে একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন বিজেপি নেতা তথা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তিনি লেখেন, “তৃণমূলের বিধায়ক নির্মল মাঝি ব্যালট বক্স চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়েছে। তৃণমূলের বিধায়করা আগে গরিব মানুষের টাকা চুরি করত এখন নিজের হাতে ব্যালট বক্স চুরি করছে”। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭।

কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, স্ট্রং রুম পাহারার জন্য মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক স্ট্রংরুমে এক কোম্পানি করে বাহিনী মোতায়েন করতে বলা হয়েছে। অর্থাৎ কম করে ৬০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান স্ট্রং রুম পাহারা দেওয়ার কথা। সেই সঙ্গে প্রায় সম পরিমাণ রাজ্য সশস্ত্র পুলিশ থাকার কথা  স্ট্রং রুমের পাহারায়।

এদিন তৃণমূল বিধায়কের স্ট্রং রুমে ঢুকে পড়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধীরা। বিজেপি, আইএসএফ, কংগ্রেসের দাবী, স্ট্রং রুমের সিসিটিভি ফুটেজ দেখাতে হবে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে সেখানে। পরিস্থিতি সামলাতে লাঠি চার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়।

কী বলছে পুলিশ? 

ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশের দাবী, এমন কোনও ঘটনা ঘটে নি। কেউ ঢোকে নি স্ট্রং রুমের মধ্যে।

আরও অন্যান্য খবর