ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব সিবিআইয়ের

একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিনই মৃত্যু হয় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। তাঁর পরিবারের তরফে দাবী করা হয়েছিল যে তৃণমূল নেতৃত্বই খুন করেছে তাদের ছেলেকে। এবার সেই ঘটনার মামলাতেই তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই।

একুশের বিধানসভা নির্বাচনের পরই রাজ্যজুড়ে নানান ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে। এই ঘটনায় খুন হন একাধিক বিজেপি কর্মী। সবার প্রথমে উঠে আসে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনা। তাঁর পরিবারের তরফে দাবী করা হয় যে এই খুনের সঙ্গে জড়িত তৃণমূল বিধায়ক পরেশ পাল ও এক কাউন্সিলর।

আদালতের তরফে ভোট পরবর্তী হিংসার নানান মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের উপর। অভিজিৎ সরকারের খুনের ঘটনার তদন্তও করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনায় একাধিকবার অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তবে পরিবারের দাবী ছিল যে কেন পরেশ পাল ও ওই কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করছে না সিবিআই।

এই দাবী নিয়ে গত শনিবার সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সের সামনে আমরণ অনশনে বসেন বিশ্বজিৎ সরকার। ক্ষোভ জারি করে প্রশ্ন তোলেন, কেন পরেশ পাল ও ওই কাউন্সিলরের বিরুদ্ধে প্রমাণ থাকা সত্ত্বেও সিবিআই তাদের জেরা করছে না? অভিজিতের মৃত্যুকালীন বয়ানেও পরেশ পালের নাম ছিল বলে দাবী জানান বিশ্বজিৎ।

এরপরই এই মামলার গতি বাড়ল। তৎপর হয়েছে সিবিআই। আগামী বুধবার তৃণমূল বিধায়ক পরেশ পালকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই।

RELATED Articles