দেড় মাস কেটে গিয়েছে কিন্তু এখনও ফেরার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তাঁকে এখন ধরতে অক্ষম রাজ্য পুলিশ। এমন আবহে বিরোধীদের তরফে কটাক্ষ করা হচ্ছে রাজ্য পুলিশ ও শাসক দলকে। এবার শাহজাহানের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি অভিযানে যায় ইডি। কিন্তু সেখানে শাহজাহানের অনুগামীরা হামলা চালায় ইডি আধিকারিকদের উপর। শাহজাহানের নির্দেশেই সেই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। তারপর থেকেই পলাতক শাহজাহান।
সেই ঘটনার পর দেড় মাস কেটে গিয়েছে। এরই মধ্যে আবার শেখ শাহজাহান ও তাঁর সাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে শ্লী’ল’তা’হা’নি ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন সন্দেশখালির মহিলারা। উত্তম ও শিবুকে গ্রেফতার করা হলেও এখনও অধরা শাহজাহান। এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য পুলিশ। শাসক দলকে কটাক্ষ দাগছে বিরোধী দলগুলি।
কেন গ্রেফতার করা যাচ্ছে না শাহজাহানকে?
শাহজাহানের গ্রেফতারি নিয়ে যখন নানান মহলে প্রশ্ন উঠছে, সেই সময় রাজ্য পুলিশের ডিজি দাবী করেন যে আদালতের কারণেই শাহজাহানকে ধরতে পারছে না পুলিশ। ইডির সওয়ালের কারণেই রাজ্য পুলিশের এফআইআরে নাকি স্থগিতাদেশ জারি করেছে আদালত।
কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
এমন আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবী, রাজ্য পুলিশই ধরতে পারে শাহজাহানকে। তবে রাজ্য পুলিশের ডিজির সুরেই তিনি বললেন, “সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে। তা হলে শাহজাহানকে গ্রেপ্তার না করার কী আছে”?
প্রসঙ্গত, বিগত এক-দু’বছর ধরে রাজ্যের শিক্ষা হোক বা গরু পাচার, রেশন দুর্নীতি, নানান কাণ্ডে গ্রেফতার হিয়েছেন শাসক দলের একাধিক নেতামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। আবার জ্যোতিপ্রিয় মল্লিককেও মন্ত্রিত্ব পদ থেকে সরানো হয়েছে। এমন আবহে প্রশ্ন উঠেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে নানান অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না তৃণমূল। ওয়াকিবহাল মহলের মত, এবার বিরোধীদের জবাব দিতে শাহজাহানকে নিয়ে এহেন মন্তব্য করলেন অভিষেক।





