দিল্লিমুখী দিব্যেন্দু! তিনিও কি সাংসদ পদে ইস্তফা দিয়ে দল ছাড়বেন? তুঙ্গে গুঞ্জন

আজ হঠাৎই পূর্ব কোন‌ও ঘোষণা ছাড়াই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন দীনেশ ত্রিবেদী। ছেড়েছেন তৃণমূল‌ও। আর যখন বঙ্গ রাজনীতির সমস্ত গুঞ্জন দীনেশকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে তখন‌ই দিল্লি উড়ে গেলেন তৃণমূলের অন্য এক বিতর্কিত সংসদ তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।

এবার কি তবে তিনিও সাংসদ পদে ইস্তফা দিয়ে দল ছাড়বেন? শুরু হয়েছে চাপান-উতোর৷ যদিও দলত্যাগের সম্ভাবনা নিজে উড়িয়ে দিয়েছেন দিব্যেন্দু৷ তমলুকের সাংসদের দাবি, তিনি তৃণমূলেই আছেন৷

প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই অধিকারী পরিবারের সঙ্গে শাসকদলের দূরত্ব তৈরি হয়েছে। এখন‌ও পর্যন্ত তৃণমূলের সঙ্গেই রয়েছেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারী। শুভেন্দুর অন্য এক ভাই সৌমেন্দু ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন৷ এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই জানা যায়, দিল্লি গিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি৷ সাংসদ পদেও ইস্তফা দেবেন৷ ১০ ফেব্রুয়ারি এই সাক্ষাৎ হওয়ার কথা ছিল৷

যদিও ১০ তারিখ পেরিয়ে গেলেও দিব্যেন্দু রাজধানী যাননি৷ তবে এ দিন তিনি দিল্লি যাওয়ার কথা নিজেই স্বীকার করে নিয়েছেন৷ দিব্যেন্দুর অবশ্য দাবি, লোকসভার একটি স্ট্যান্ডিং কমিটির বৈঠক রয়েছে আগামিকাল৷ তিনি সেই বৈঠকেই অংশ নিতে যাচ্ছেন৷ লোকসভার অধ্যক্ষের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তমলুকের তৃণমূল সাংসদ৷

তবে দিব্যেন্দু তৃণমূলে থাকার কথা বললেও তৃণমূল আদৌ তাঁকে এবং শিশির অধিকারীকে দলে চাইছে কি না, সেই প্রশ্নও উঠছে রাজনৈতিক মহলে৷ কারণ কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরের সভা থেকে শিশির অধিকারীকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের উত্তরাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যান্য নেতারা‌ও প্রকাশ্যেই অধিকারী পরিবারের দলের দুই সাংসদকে কটাক্ষ করতেও পিছপা হচ্ছেন না তৃণমূল নেতারা৷ এই দুই তৃণমূলীর তৃণমূলে ভবিষ্যৎ কতদিনের তা সময়ই বলবে।

RELATED Articles