কর্মীর বাড়ি খেতে গিয়ে খাবারের সামনে বসে স্রেফ ছবি তুলেই উঠে গেলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়, পড়েই রইল পঞ্চব্যাঞ্জনে সাজানো থালা

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই কারণে নতুন কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল। নাম ‘দিদির সুরক্ষাকবচ’। তৃণমূলের নানান নেতা-নেত্রীরা পালন করছেন সেই কর্মসূচি। জেলায় জেলায় নানান বাড়ি গিয়ে আমজনতার অভিযোগ শুনছেন তারা। সেই কাজেই আজ, শুক্রবার বীরভূমের মাড়গ্রামে গিয়েছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়।

এদিন সাংসদকে দেখেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। নিজেদের নানান অভিযোগ ক্ষোভের মাধ্যমে উগড়ে দেন তারা। এলাকাবাসীদের শান্ত করে হাসনের একটি গ্রামে যান সাংসদ। সেখানে এক তৃণমূল কর্মীর বাড়িতে তাঁর দুপুরের খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। কিন্তু অভিযোগ, পঞ্চব্যাঞ্জন সাজিয়ে খেতে দিলেও সেই থালা ছুঁয়েও দেখেন নি শতাব্দী রায়। সকলের সঙ্গে মাটিতে খেতে বসে খাবারের সঙ্গে ছবি তুলে উঠে চলে যান তিনি। যা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। যদিও সাংসদ দাবী করেছেন যে তিনি সেখানে খান নি ঠিকই, তবে পরে তাদের বাড়িতেই খেয়েছেন।

এদিকে, বীরভূমের দুবরাজপুরের একটি গ্রামে জনসংযোগে গিয়েছিলেন ‘দিদির দূত’ তথা তৃণমূলের আইটি সেলের রাজ্যের প্রধান দেবাংশু ভট্টাচার্য। দলীয় কর্মীদের সঙ্গে তিনি বালিজুড়ি গ্রামে যেতেই গ্রামের মহিলারা তাঁকে ঘিরে ধরে জানতে চান, “আপনি কে”?

এর জবাবে দেবাংশু জানান যে তিনি ‘দিদির দূত’। সকলে সরকারি পরিষেবা ঠিকমতো পাচ্ছেন  কি না, তা জানতে এসেছেন। তাতে আরও ক্ষেপে যান তাঁরা। অভিযোগ জানান যে আবাস যোজনায় তারা ঘর পাচ্ছেন না অথচ এলাকার কাউন্সিলর বা তৃণমূল ঘনিষ্ঠ লোকজনের নাম উঠছে তালিকায়। দেবাংশুকে তাঁরা গ্রাম ছেড়ে চলে যেতে বলেন। 

এদিন এই একই কর্মসূচিতে বাঁকুড়া ২ নম্বর ব্লকের জুনবেদিয়ায় গিয়েছিলেন তৃণমূলের সহ-সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিন সকলের অভিযোগ ডায়েরিতে নথিভুক্ত করেন তিনি। সমস্যা সমাধানের আশ্বাস দেন।

অন্যদিকে, আজ, শুক্রবারই আবার ডায়মন্ড হারবারে ‘দিদির দূত’ হয়ে কর্মসূচি পালনে গিয়েছিলেন বিধায়ক পান্নালাল হালদার। কিন্তু সেখানে দলের সমর্থকদেরই ক্ষোভের মুখে পড়েন তিনি। এদিন দলের কর্মীদের একাংশ তাঁর বাড়ি ঘিরে ধরেন।

তাদের অভিযোগ, বিধায়ক একাই ‘দিদির দূত’ কর্মসূচি পালন করছেন। তাদের কাউকে সঙ্গে নিচ্ছেন না। প্রায় আধঘণ্টা ধরে চলে বিক্ষোভ। অন্যদিকে, বিধায়ক পাল্টা দাবী করেন যে তিনি সকলকে নিয়েই কর্মসূচি পালন করছেন। অন্যদের ডাকা হয়েছিল কিন্তু অনেকেই আসেন নি বলে জানান তিনি।

RELATED Articles