ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ হাইকোর্টের, সতর্ক প্রতিক্রিয়া দিল তৃণমূল

রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্ত করার জন্য সিবিআই ও সিটকে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এবার এই নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দিল তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন যে হাইকোর্টের এই নির্দেশ সম্পূর্ণভাবে পর্যালোচনা করা হবে। এরপর দলের শীর্ষ নেতৃত্ব কোনও মন্তব্য করবেন।

কলকাতা হাইকোর্টের তরফে এমন নির্দেশ দেওয়া পর কুণাল জানিয়েছেন যে হাইকোর্টের এই নির্দেশের পর্যালোচনা করা হবে আগে ভালোভাবে। এই বিষয়টির উপর দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছে। আইনজীবীদের সঙ্গে কথা বলা হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্ত করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুণাল বলেন, “হাইকোর্টের রায় নিয়ে কোনও মন্তব্য করব না। দলের শীর্ষ নেতৃত্ব যথাসময়ে এই বিষয়ে জানাবে”। সূত্রের খবর অনুযায়ী, রাজ্য সরকার আপাতত হাইকোর্টের এই রায় খুঁটিয়ে দেখছে। এও জানা গিয়েছে যে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেও যাওয়া হতে পারে। তবে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

ভোট পরবর্তী হিংসার মামলায় এবার ধাক্কা খেল রাজ্য সরকার। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে এবার এই ভোট পরবর্তী হিংসার তদন্ত করবে সিবিআই। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে সিট গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

বলা হয়েছে, ভোট পরবর্তী হিংসায় খুন, ধর্ষণ, ও মহিলাদের উপর অপরাধের মতো গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করবে সিবিআই। অন্যদিকে, বাকী কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল বা সিট। কলকাতা হাইকোর্ট এই গোটা প্রক্রিয়ার নজরদারি করবে।

হাইকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী ছ’সপ্তাহের মধ্যে সিবিআই ও সিটকে এই তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। তদন্ত প্রক্রিয়ায় রাজ্যকে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে। এর পাশাপাশি জাতীয় মানবাধিকার বিরুদ্ধে রাজ্য সরকার পক্ষপাতিত্ব করার যে অভিযোগ তুলেছিল, এর কোনও ভিত্তি নেই বলেও জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন- তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রকট, দলের নেতাকেই প্রকাশ্যে ‘গো ব্যাক’ স্লোগান দলীয় কর্মীদের

একুশের নির্বাচনের ফলাফলের পর রাজ্যে যে হিংসা ছড়িয়েছিল, এ নিয়ে কমিশনের রিপোর্টে তৃণমূলকে তুমুল সমালোচনা করা হয়েছে। রিপোর্টে দাবী করা হয়েছে যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিক মানুষকে ভিটেছাড়া হতে হয়েছে। খুন হয়েছে একাধিক মানুষ। মহিলাদের ধর্ষণ, তাদের উপর অত্যাচারের ঘটনাও কম নয়। কমিশনের তরফে রিপোর্টে সিবিআই তদন্তের সুপারিশ দেওয়া হয়।, এরই সঙ্গে আদালতকে বলা হয় যাতে এই বিষয় ভালোভাবে খতিয়ে দেখা হয়।

RELATED Articles