তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন তারা। তবে এর ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলে ফিরে যান তারা। তবে ফেরার জন্য যে এমন প্রায়শ্চিত্ত করতে হবে তা কল্পনাও করতে পারেন নি মহিলা কর্মীরা। বিজেপিতে যোগ দিয়ে ভুল করেছেন তারা। এই কারণে প্রায়শ্চিত্ত হিসেবে তাদের দিয়ে দণ্ডি কাটানো হল ঘাসফুল শিবিরের (TMC) তরফে। এরপর তাদের ফেরানো হয় দল। তৃণমূলের এমন কর্মকাণ্ডে জোর শোরগোল পড়েছে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) তপনে। সমালোচনার মুখে তৃণমূল।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলায় তপন বিধানসভা জেডপি-১২ মণ্ডলের গোফানগরে বিজেপিতে যোগ দেন কয়েকজন মহিলা। তাদের মধ্যে অনেকেই তৃণমূলের কর্মী ছিলেন বলে দাবী বিজেপির। তবে এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তপনের জেডপি-১২ মণ্ডলের গোফানগর থেকে গতকাল, শুক্রবার বালুরঘাট শহরে আসেন বিজেপিতে যোগদানকারীরা।
তবে তাদের ফেরার পথ এতটা সহজ ছিল না। শোনা গিয়েছে, বিজেপিতে যোগ দিয়ে ‘ভুলের’ জন্য খেসারত দিতে হয় মহিলাদের। বেশ কিছুটা রাস্তা দণ্ডি কেটে তৃণমূলের জেলা কার্যালয়ে পৌঁছন ওই মহিলারা। সেখানে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর হাত থেকে ফের তৃণমূলের পতাকা তুলে নেন।
এই বিষয়ে লা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর বলেন, “গতকাল যারা বিজেপিতে যোগদান করেছে বলে বলা হয়েছে তাঁদের বেশির ভাগ বিজেপির সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিজেপির হয়ে কাজ করেন। তাঁদেরই আবার বিজেপিতে যোগদান করানো হয়েছে। কিছু হলেই তৃণমূলকে টানা বর্তমানে বিজেপির অভ্যাসে পরিণত হয়েছে৷ কিছু সাধারণ মানুষ যাঁদের কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগ ছিল না, তবে তৃণমূলের সমর্থক ছিল তাঁদের ভুল বুঝিয়ে বিজেপিতে যোগদান করানো হয়। সেই ভুল বুঝতে পেরে তারা দণ্ডি কেটে তার প্রায়শ্চিত্ত করে। তারপর তৃণমূলে যোগদান করেন। বাকিরাও আগামীতে যোগ দেবেন”।
এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, “রাজনৈতিক চাপে পড়ে ২০০ জনের মধ্যে মাত্র তিন-চারজনকে ফিরিয়ে এনেছে। তবে যেভাবে মহিলাদের রাস্তায় নাক খত (দণ্ডি) দিয়ে তৃণমূলের জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তা মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত লজ্জাকর ও অপমানজনক”। তিনি এও জানিয়েছেন যে এই বিষয় নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ হবেন।
এই ঘটনাটি নিয়ে টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি বলেন, “তৃণমূলের গুন্ডারা ওদের শাসকদলে যোগ দিতে বাধ্য করেছে। শাস্তিস্বরূপ ওদের দণ্ডি খাটানো হয়েছে”।





