ফের একবার উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। গতকাল, মঙ্গলবার রাতে প্রকাশ্যে গুলি চলল সেখানে। এই ঘটনায় গুলিবিদ্ধ হন গৌরব প্রসাদ নামের এক তৃণমূল কর্মী। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ। গৌরবকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছকু সাউ গলিতে।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে নিজের অফিসে বসে ছিলেন জমি ও ফাইন্যান্স ব্যবসায়ী গৌরব প্রসাদ। ওই সময় কয়েক জন দুষ্কৃতী বাইকে চেপে তাঁর অফিসে আসে। এরপর অফিসের মধ্যে ঢুকে গৌরবের সঙ্গে দেখা করে। সেই সময় তাঁদের মধ্যে কিছুটা বচসা হয়েছিল। এরপর খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিটি লাগে গৌরবের কোমরের নীচে।
গুরুতর জখম অবস্থায় গৌরবকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে এই ঘটনা, তা পুলিশ খতিয়ে দেখছে। ব্যবসা সংক্রান্ত কারণেই গুলি চালানো হয়েছে বলে অনুমান পুলিশের। এদিকে গুলির শব্দে পার্টি অফিসের সামনে জমায়েত করেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
প্রত্যক্ষদর্শীদের দাবী, গতকাল, মঙ্গলবার রাতে তারা দু’টি গুলির শব্দ পান। তারা বাইরে বেরিয়ে দেখেন যে গৌরব গুলিবিদ্ধ অবস্থায় পার্টি অফিসের মধ্যেই পড়ে রয়েছেন। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই গুলির ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়েছে। তবে কেন এই গুলি চালানো হল, তা এখন স্পষ্টভাবে কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনায়। এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।





