TMCP : ‘গণপতি এন্টারপ্রাইজে’ ১ লক্ষে পাসপোর্ট! সরকারি নথির রেট চার্ট ঘিরে বিতর্কে টিএমসিপি নেতা!

সরকারি নথি বানাতে টাকা! ভোটার কার্ড, রেশন কার্ড কিংবা জন্ম শংসাপত্র—সবই নাকি মিলছে নির্দিষ্ট দামে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে জগদ্দল-সহ গোটা শিল্পাঞ্চল। এই অভিযোগ কেন্দ্র করে একদিকে বিজেপির নিশানায় তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) নেতা শুভরঞ্জন সিং, অন্যদিকে পালটা জবাবে বিজেপি নেতা অর্জুন সিংকে চোর বললেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অভিযোগ-পালটা অভিযোগে রীতিমতো গরম রাজ্য রাজনীতি।

সম্প্রতি নিজের এক্স অ্যাকাউন্টে একটি ‘রেট চার্ট’ পোস্ট করেন অর্জুন সিং। সেখানে লেখা, “জন্ম সার্টিফিকেট ১০ হাজার, ভোটার কার্ড ২০ হাজার, কাস্ট সার্টিফিকেট ২৫ হাজার, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ১০–১৫ হাজার, পাসপোর্ট ভেরিফিকেশন-সহ পরিষেবা নিতে খরচ ১ লক্ষ!” এই তালিকার উপরে লেখা ‘গণপতি এন্টারপ্রাইজ’, আর প্যাডে স্বাক্ষর শুভরঞ্জনের। বিজেপির দাবি, সরকারি নথি তৈরির নামে ‘বাজার’ খুলে বসেছেন এই টিএমসিপি নেতা। তবে শুভরঞ্জনের পরিবার এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, ওই প্যাড ভুয়ো, স্বাক্ষর জাল।

বিজেপি নেতার দাবি, তৃণমূলের উচ্চ নেতৃত্বের অত্যন্ত কাছের মানুষ শুভরঞ্জন। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ প্যাডে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠানোর প্রসঙ্গ টেনে আক্রমণ শানান অর্জুন। বলেন, “দলে প্রভাব বাড়তেই এই রকম বেআইনি কাজ করার সাহস পেয়েছে।” শুভরঞ্জনের তৃণমূল নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ ছবিও সামনে এনেছেন তিনি।

সরকারি নথি তৈরির এ ধরনের ‘দরদাম’-এর অভিযোগকে শুধু দুর্নীতি বলেই থামাতে নারাজ অর্জুন সিং। তাঁর মতে, এই পথেই বাংলাদেশি ও পাকিস্তানি অনুপ্রবেশকারীদের হাতে পৌঁছে যাচ্ছে গুরুত্বপূর্ণ নথি। দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেই অভিযোগ বিজেপি নেতার। বিষয়টি সিবিআই ও ইডির হস্তক্ষেপ দাবি করে কেন্দ্রীয় তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ Weather: নিম্নচাপ সরে গেলেও আষাঢ়ে ভিজবে বাংলা! দেখে নিন আগামী কয়েক দিনের পূর্বাভাস

তবে পালটা আক্রমণে পিছিয়ে নেই শাসকদলও। অর্জুন সিংকে নিশানা করে বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “এক চোর আরেক চোরকে দোষারোপ করছে। ও নিজেই দুর্নীতিগ্রস্ত। মানসিক চিকিৎসা প্রয়োজন। ওর পোস্ট দেখারও ইচ্ছা নেই।” সব মিলিয়ে সরকারি নথি তৈরি নিয়ে প্রকাশ্যে আসা ‘রেট চার্ট’ ঘিরে রাজনীতির তাপমাত্রা একলাফে চড়েছে। প্রশ্ন উঠছে, তদন্ত হবে তো? নাকি অভিযোগের গন্ধে মাটিচাপা পড়ে যাবে চক্রবৃদ্ধির মতো চলতে থাকা রাজনৈতিক তরজায়?

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles