Viral Video: কলেজ না বার! মাথায় গ্লাস, কোমরে ঠুমকা—তৃণমূল নেতার নাচ ঘিরে বিতর্কে ভৈরব গাঙ্গুলি কলেজ!

সামাজিক মাধ্যমে ফের ভাইরাল একটি ভিডিও, আর তাতেই প্রশ্নের মুখে পড়েছে শিক্ষাঙ্গনের পরিবেশ। মাথায় একটি গ্লাস, জনপ্রিয় হিন্দি গান ‘জামাল কুদু’-র তালে এক যুবক কোমর দোলাচ্ছেন এক মহিলার সঙ্গে। এটি কোনও পানশালা বা বিয়েবাড়ি নয়, ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলি কলেজ চত্বরে—এমনটাই দাবি করে ভিডিওটি ছড়িয়েছে। ওই যুবকের পরিচয় সামনে আসতেই বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।

ভিডিওতে যাঁকে নাচতে দেখা গিয়েছে, তিনি রানা বিশ্বাস—তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রাক্তন নেতা। জানা গিয়েছে, বছর দশেক আগে তিনি ওই কলেজ থেকেই পাশ করেন। তাঁর মা কামারহাটি পৌরসভার কাউন্সিলর। ভিডিও প্রকাশ্যে আসার পরেই বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে শাসক দলকে। কেউ বলছেন, কলেজকে বার বানিয়ে ফেলেছে তৃণমূল, কেউ বলছেন এটা শিক্ষার অধঃপতনের চূড়া।

তবে বিষয়টি নিয়ে রানা বিশ্বাসের দাবি, এটি কোনও কলেজ ফেস্ট ছিল না, বরং একজনের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান ছিল। তিনি জানান, “একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়, সেখানেই ওই নাচ করি।” যদিও কলেজের গভর্নিং বডির সদস্য তথা কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, “নাচতে তো দোষের কিছু দেখি না। তবে ওটা কলেজের ফেস্ট কি না বলতে পারব না।”

বিষয়টি নিয়ে সরব হয়েছে সিপিএম ও বিজেপি দুই শিবিরই। সিপিএমের গার্গী চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যের সমস্ত কলেজে এখন তৃণমূল ছাত্রনেতাদের ফুর্তির জায়গা তৈরি হয়েছে।” বিজেপি নেতা অর্জুন সিংও বলেন, “তৃণমূল কলেজগুলিকে বার বানিয়ে ফেলেছে।” এমনকি ভৈরব গাঙ্গুলি কলেজের প্রাক্তন সিপিএম ছাত্রনেতা সায়নদীপ মুখোপাধ্যায়ের কথায়, “আমাদের সময়ে এই সংস্কৃতি ছিল না, কলেজ ছিল গর্বের জায়গা।”

আরও পড়ুনঃ TMCP : ‘গণপতি এন্টারপ্রাইজে’ ১ লক্ষে পাসপোর্ট! সরকারি নথির রেট চার্ট ঘিরে বিতর্কে টিএমসিপি নেতা!

এটাই প্রথম নয়। এর আগেও দক্ষিণ কলকাতার কলেজে ধর্ষণের অভিযোগ হোক বা TMCP নেতাদের বিরুদ্ধে অশ্লীল আচরণের ঘটনা—রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক বিতর্কে জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এবারে রানা বিশ্বাসের বেলি ড্যান্স ভিডিও সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রাজনীতি কতটা প্রভাব ফেলছে, তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে অভিভাবকদের মধ্যে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles