শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল, দেরিতে চলছে লোকাল ট্রেন, সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তির মুখে যাত্রীরা

শিয়ালদহ মেইন শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা। নৈহাটিতে সিগন্যালিংয়ের সমস্যা তৈরি হওয়ায় হাওড়া-নৈহাটি শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়। আজ সপ্তাহের প্রথম দিন। আর এমন কর্মব্যস্ত দিনের সকালেই ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। স্কুল, অফিস নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অসুবিধার মুখে পড়তে হয় সকলকে।

জানা গিয়েছে, আজ, সোমবার সকাল থেকে ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে। নির্ধারিত সময়ে মিলছে না ট্রেন। প্রতিটি ট্রেনই প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত দেরিতে আসছে। আর এর ফলে প্রতিটি ট্রেনে যাত্রীসংখ্যাও থাকছে অনেক বেশি।

এমনিতেই শিয়ালদহ-নৈহাটি শাখায় প্রতিদিন যাত্রীসংখ্যা অনেকটা বেশিই থাকে। আর এদিন নির্ধারিত সময়ে ট্রেন না আসায় আরও বেশি সমস্যা তৈরি হচ্ছে। কখন এই সমস্যা মিটবে, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি রেলের তরফ থেকে। জানা যাচ্ছে, ৭টি এক্সপ্রেস ও ২০টি লোকাল ট্রেন দেরিতে চলছে।

বলে রাখি, দিন কয়েক আগেই কালবৈশাখীর জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। কোথাও লাইনের ওপর গাছ ভেঙে পড়েছিল তো কোথাও আবার ওভারহেড তার ছিঁড়ে পড়েছিল। এর ফলে ব্যাঘাত ঘটে ট্রেন পরিষেবায়। মার্চের প্রথম দিকেও শিয়ালদহের মেইন শাখায় ইন্টারলকিংয়ের কাজ হওয়ায় ট্রেন পরিষেবা অনিয়মিত হয়ে পড়েছিল।

রেল পরিষেবায় যেন দুর্ভোগ লেগেই রয়েছে। গত শনিবার রাতেই পশ্চিম মেদিনীপুরের নেকুরসেনি স্টেশনের কাছে ইঞ্জিন থেকে কাপলিং খুলে বগি আলাদা হয়ে যায় হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের। এর জেরে ৫ ঘণ্টা আটকে থাকে ট্রেন। আবার অন্যদিকে, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় ছ’ঘণ্টা দেরিতে চলে। সব মিলিয়ে ট্রেন যাত্রীদের উপর ফাঁড়া যেন কাটতেই চাইছে না।

RELATED Articles