রাজ্যে সাঁওতালি ভাষায় পঠনপাঠন ও পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠনের দাবী, রাজ্যজুড়ে ১২ ঘণ্টার পথ অবরোধে নামলেন আদিবাসীরা

সাঁওতালি ভাষায় পঠনপাঠন শুরু করতে হবে রাজ্যে। এমনই মোট ১২ দফা দাবী নিয়ে আজ, বুধবার সকাল থেকেই চাক্কা জাম শুরু করল ভারত জাকাত মাঝি পারগানা মহল। গোটা রাজ্যে ১২ ঘণ্টার অবরোধ শুরু করা হয়েছে এই সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত চলবে এই পথ অবরোধ। এর জেরে নানান গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গিয়েছে।

এই কর্মসূচির জেরে পুরুলিয়ায় মোট আট জায়গায় পথ অবরোধ করা হয়েছে। অবরোধ চলেছে নিতুড়িয়ার হরিডি মোড়, সাঁতুড়ির বেনাগড়িয়া, হুড়ার লালপুর মোড়, মানবাজার এক ব্লকের রাইস মিল, মানবাজার দুই ব্লকের বুরুডি মোড়, ঝালদা দুই ব্লকের কোটশিলা মোড়, পুরুলিয়া একের দামদা চক, বরাবাজারের বামনিডি মোড় এলাকায়। এমনটাই জানা গিয়েছে সংগঠনের তরফে।

এই কর্মসূচির আগে থেকেই বেশ সতর্কতা অবলম্বন করেছে পুরুলিয়া জেলা পুলিশ। যেখানে যেখানে পথ অবরোধ চলছে, সেই সমস্ত এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, এর জন্য জেলার প্রায় সমস্ত থানা এলাকার গুরুত্বপূর্ণ জায়গাতেই পুলিশ রয়েছে।

জানা গিয়েছে, বাঁকুড়া-দুর্গাপুর জাতীয় সড়ক, বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কেও পরিবহণ বন্ধ রয়েছে। মোটরবাইক, সাইকেল দাঁড় করিয়ে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা। শুধুমাত্র বাঁকুড়া-দুর্গাপুর সড়ক, বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামই নয়, এই বিক্ষোভের প্রভাব পড়েছে পশ্চিম মেদিনীপুরেও। দাসপুরের বকুলতলা, ঘাটালেও চলছে বিক্ষোভ। এর জেরে সাধারণ মানুষ বেশ দুর্ভোগে পড়েছেন।

এদিন ১২ দফা দাবী জানিয়ে বিক্ষোভ করছেন জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা। এই দাবীগুলির মধ্যে অন্যতম হল টুরগা প্রকল্প বাতিল, প্রস্তাবিত ফরেস্ট কনজারভেশন রুল ২০২২ বাতিল, অবিলম্বে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, বন্ধ হওয়া আদিবাসী হস্টেলগুলি অবিলম্বে খোলা, প্রত্যেকটি জেলায় সাঁওতালি মাধ্যমের কলেজ স্থাপন, সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের সময়মতো বিষয় ভিত্তিক পাঠ্য পুস্তক দেওয়া ও অন্যান্য।

আরও অন্যান্য খবর