করোনা আতঙ্কে এখন লকডাউন গোটা রাজ্য। তার ফলে বন্ধ হয়ে গেছে কল-কারখানা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যেসব বাসিন্দারা দিনমজুরি করে ঘর চালান তাদের আজ বীভৎস পরিস্থিতি। এক মুঠো অন্ন জোগাড় করতে তারা নাজেহাল। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ালেন ভাঙ্গড়ের তৃণমূল নেতা। লকডাউনের জেরে স্তব্ধ হয়েছে ভাঙড়ের বানতলা চর্মনগরী। চাকরি হারিয়েছেন প্রায় ৬ লক্ষ্য শ্রমিক। সেখানে কাজ করতে যেতেন সুন্দরবনের প্রায় কয়েক লক্ষ্য শ্রমিক ।
সেই সমস্ত শ্রমিকদের এই দুরবস্থায় তাদের জন্য চাল, আলু, আটা সহ হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক সব কিছুই ভাঙর থেকে পাঠালেন তৃণমূল নেতা অহেদালি শেখ। শুক্রবার সকালে ভোজেরহাট থেকে দুটি গাড়িতে করে এই সব সামগ্রী সুন্দরবনে পাঠানো হয়। এ বিষয়ে তাঁর থেকে জানতে চাইলে তিনি বলেন, “আজকের এই পরিস্থিতিতে গরিব মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। অসহায় মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারলে এই ভয়াল পরিস্থিতিতেও মনটা খুশিতে ভরে ওঠে।”






