রাজনীতি নাকি সাপ-লুডো খেলা, দুর্গাপুজোয় অদ্ভুত লুডো উপহার তৃণমূলের তরফে

লুডোর মইয়ের ওপর শাসকদলের নেত্রী ও সাপের মুখে বিজেপির বিভিন্ন নেতামহল। শারদীয়া উপলক্ষে এমনই অদ্ভুত লুডো উপহার দেওয়া হল উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ এলাকার মহিলাদের। উদ্যোক্তা বনগাঁ অঞ্চলের তৃণমূল নেতৃত্ব।

দুর্গাপুজো উপলক্ষে এলাকার মহিলাদের লুডো উপহার দিলেন বনগাঁ এলাকার তৃণমূল নেতৃত্ব। লুডোর সামনের ও পেছনের কভারে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে গ্রহণ করা বিভিন্ন প্রকল্পের নাম, রয়েছে করোনার সতর্কবার্তাও। কিন্তু বিতর্ক শুরু হয় লুডোর ভেতরে থাকা সাপ-সিঁড়ির ছকে। সেখানে সাপের মুখে লাগানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এছাড়াও সাপের মুখে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়-এর ছবি। উল্টোদিকে মইয়ের ওপর অধিষ্ঠান করানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এই বিষয়ে বনগাঁ উত্তর বিধানসভার তৃণমূল চেয়ারম্যান গোপাল শেঠ জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে সম্যক ধারণা দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আমাদের রাজ্যের জন্য কি কাজ করছেন ও উল্টোদিকে নরেন্দ্র মোদী কি কাজ করছেন, সেটাকে এই একটা লুডোর মধ্যে দিয়ে আমরা ব্যাখা করেছি”।

এই নিয়ে পাল্টা জবাব দেওয়া হয় বিজেপির তরফ থেকেও। বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি দেবদাস মণ্ডলের মতে আসন্ন ২০২১-এর ভোটে যে তৃণমূল রাজ্য থেকে বিদায় নেবে, তা তারা বুঝে গেছে। মানুষ পরিবর্তন চায়। তাই এখন সাধারণ মানুষকে তোষামোদ করার জন্য তৃণমূল এসব কাণ্ড করে বেড়াচ্ছে। হেরে যাওয়ার পর কর্মীরা নিজেদের মধ্যেই লুডো খেলবে বলে এই লুডো দেওয়ার পরিকল্পনা করেছে বলে তৃণমূলকে দাগেন তিনি। ইতিমধ্যেই যে মমতা বন্দ্যোপাধ্যায় সাপের মুখে পড়ে গেছেন, তাও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

২০২১-এর ভোটের সময় যত এগিয়ে আসছে, তত বাড়ছে রাজনৈতিক উত্তাপ। কোনও দলই কাউকে নিজেদের এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজী নয়। বিধানসভা ভোটে এগিয়ে থাকার জন্য নিজ নিজভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই দলই।

আরও অন্যান্য খবর