রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছুঁইছুঁই। সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। মারা গিয়েছেন ৫ জন (সরকারি হিসেব)। লকডাউন চলছে গোটা রাজ্যে। অসুবিধার মুখে পড়েছেন গরীব মানুষ। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে বলা হলেও সবাই খুলছেন না। অন্যদিকে, যেকটি দোকান খুলছে সেখানে উচ্চবিত্ত মানুষরা গিয়ে আগেভাগেই সব কিনে ফেলছেন। ফলে নিম্নবিত্ত মানুষদের জন্য কিছুই পড়ে থাকছে না। এমতাবস্থায়, গরীব দিন আনি দিন খাই মানুষেরা পড়েছেন ফাঁপরে।
এবার এইসকল মানুষকে সাহায্য করার জন্য পথে নামল ‘ট্রাস্ট ফর চাইল্ড অ্যান্ড সোশ্যাল ডেভলপমেন্ট’, করোনা মোকাবিলায় উপলব্ধি নামে এক প্রজেক্ট তৈরি করে গরীব মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে এই সংগঠনটি।
এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গত সোমবার থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা রাজু সরকারের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের দ্বারা মালদা জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে গরীব মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এখনও পর্যন্ত ৫০০-এরও বেশি বাড়িতে খাবার পৌছে দিয়েছে এই সংস্থা। বয়স্ক কেউ একা থাকলে তাঁদের খোঁজ রাখা, ওষুধ পাঠিয়ে দেওয়ার কাজও করছে এই সংগঠন।
মালদা জেলায় এদের স্বেচ্ছাসেবকরা দিনরাত খেটে চলেছেন। এরা গরীব মানুষের বাড়িতে চাল, আলু, পেঁয়াজ, ডিম পৌঁছে দিচ্ছেন। এই সংস্থার স্বেচ্ছাসেবকরা জানান, গরীব বাড়িতে গিয়ে তারা নিজেদের হাতে করে এই খাবার তুলে দিচ্ছে। সেইসঙ্গে সামাজিক দূরত্ব ও হাত বারবার ধোয়ার কথাও মানুষকে জানাচ্ছেন তারা।
কেন্দ্রীয় সরকার অনুমোদিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বহুদিন ধরেই নিজেদের বিভিন্ন কাজে নিয়োজিত করেছে। এই তরুণ তুর্কিরাই তো দেশের ভবিষ্যত। এরা এগিয়ে না আসলে আগামী প্রজন্ম ভাল থাকবে কী করে? তাই আপনিও সাধ্যমত এদের পাশে থাকুন। বাঁচবে সমাজ, বাঁচব আমরা।





