২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ভারত তথা দেশের রাজধানী দিল্লির ঐতিহ্য লালকেল্লায় কৃষকদের তান্ডব দেখেছে দেশ। কৃষক-পুলিশ খণ্ডযুদ্ধে ৩৯৪ জন পুলিশ আহত হন। তার মধ্যে কিছু জনের অবস্থা গুরুতর।
এই পরিস্থিতিতে কোনও অন্যায় কারীকেই রেয়াত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছিলেন দিল্লির পুলিশ কমিশনার।
এই উত্তপ্ত পরিস্থিতিই এবার কৃষক আন্দোলনকে সমর্থনকারী বাম নেতা মহম্মদ সেলিম-সহ অন্যান্য আন্দোলন সমর্থনকারী একাধিক ব্যক্তির অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার।
আজ অর্থাৎ সোমবার দুপুর থেকেই টুইটার অ্যাকাউন্টগুলি দেখা যাচ্ছে না। এর মধ্যে রয়েছে কৃষকদের সংযুক্ত মঞ্চ ‘কৃষক একতা মোর্চা’-র অ্যাকাউন্টও।
দিল্লির কৃষক আন্দোলনে লাগাতার সমর্থন জানিয়ে আসছিলেন বাম নেতারা। এমনকী ‘লাল কেল্লায় লাল নিশান, মাঙ রাহা হ্যায় হিন্দুস্তান’ বলে স্লোগানও তুলে ছিলেন তাঁরা। দিল্লির কৃষক আন্দোলনে প্রত্যক্ষভাবে নেতৃত্বও দিয়েছেন বাম নেতা হান্নান মোল্লা। মহম্মদ সেলিম সরাসরি এই আন্দোলনে যুক্ত না হলেও লাগাতার কৃষকদের পাশে থেকেছেন তিনি।
তাৎপর্যপূর্ণ ভাবে এদিন দুপুরে দুপুরে মহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্ট খুলতে গিয়ে দেখা যায় সংস্থার পক্ষে জানানো হয়েছে, ‘আইনি কারণে ভারতে অ্যাকাউন্টটি স্থগিত রাখা হয়েছে’ l
গত ২৬শে জানুয়ারি লালকেল্লায় আন্দোলনকারীদের তাণ্ডবের পর কড়া পদক্ষেপ করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। একাধিক কৃষক নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে গুরুতর ধারায় মামলা। কৃষক নেতাদের গ্রেফতারিরও সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে মহম্মদ সেলিম-সহ আন্দোলনের একাধিক সমর্থকের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হল।
পরে সংবাদসংস্থা সূত্রে জানা যায়, গত ৩০শে জানুয়ারি যে সমস্ত অ্যাকাউন্ট থেকে #ModiPlanningFarmerGenocide হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে এমন ২৫০টি অ্যাকাউন্ট ব্লক করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক। সেই নির্দেশ মেনেই মহাম্মদ সেলিমের অ্যাকাউন্ট ব্লক করেছে টুইটার।





