‘ভোটে লড়লে এলাকাছাড়া করা হবে, বন্দুক দেখিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল’, পুরভোট থেকে সরে দাঁড়ালেন ২ বিজেপি প্রার্থী

আগামী ১৯শে ডিসেম্বর রয়েছে কলকাতা পুরসভার নির্বাচন। গতকাল, শনিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন বিজেপির দুই প্রার্থী।

১৩৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী সদানন্দ পাঠক ও ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী মুমতাজ আলি এদিন নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। বিজেপির তরফে দাবী করা হয়েছে যে তৃণমূলের হুমকির মুখে পড়েই তারা মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।

গতকাল, শনিবার পুরভোট নিয়ে আলোচনার জন্য তৃণমূলের তরফে দলীয় বৈঠক ডাকা হয়। এদিনের এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে ভোটে যদি কেউ গণ্ডগোল পাকায়, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আর এদিনই বিজেপি প্রার্থীদের বন্দুক দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপির তরফে দাবী, গত শুক্রবারই দু’জন প্রার্থী দলীয় নেতৃত্বকে জানান যে তৃণমূলের তরফে তাদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বন্দুক দেখিয়ে তাদের শাসানো হচ্ছে বলেও অভিযোগ। ভোটে লড়লে তাদের এলাকাছাড়া করা হবে, এমন হুঁশিয়ারিও দেওয়া হয় তৃণমূল দুষ্কৃতীদের তরফে। এরপরই মনোনয়ন প্রত্যাহার করে নেন তারা।

রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পুরভোট থেকে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে বিজেপির ২ প্রার্থী ছাড়াও রয়েছেন ৭৩ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী রতন মালাকার, ১০৪ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী। এছাড়া আরও ৫ জন নির্দল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

দুই বিজেপি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় ওই দুই ওয়ার্ডে কার্যত এগিয়েই থাকল তৃণমূল। কিন্তু এরই সঙ্গে প্রশ্ন উঠল যে কলকাতা পুরসভার নির্বাচন আদৌ কী অবাধ ও শান্তিপূর্ণভাবে হবে?

আরও অন্যান্য খবর