বঙ্গ বিধানসভা নির্বাচনের বহু আগে থেকেই শুরু হয়েছিল হিংসা। ছিল টানটান উত্তেজনা, বিভিন্ন নাটকীয় ঘটনা। কিন্তু নির্বাচন সম্পন্ন হলেও হিংসা যেনও মিটেও মিটছে না বঙ্গে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে তৃতীয়বারের মতো মসনদ দখল করেছে তৃণমূল কংগ্রেস। আর তারপর থেকেই বিজেপি-সিপিএম কর্মী সমর্থকদের ওপর হিংসার বাড়বাড়ন্ত তৃণমূলের। এমনটাই অভিযোগ বিরোধী দল দুটির।
ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্য পরিদর্শন করে আজই স্বরাষ্ট্রমন্ত্রককে সবিস্তার রিপোর্ট জমা দেওয়ার কথা কেন্দ্রে পাঠানোর চার সদস্যের প্রতিনিধি দলের। তারপরই রাজ্য নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র।
আরও পড়ুন- বিজেপি করা ‘অপরাধ’! প্রকাশ্য রাস্তায় ‘বাংলার মেয়ে’কে কান ধরে উঠবস করালেন তৃণমূল নেত্রী
এই ঘটনার মধ্যেই এবার ফের হিংসার ছবি দেখা গেল। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, তাঁদের দুই কর্মী মনোজ মণ্ডল (২১) আর চৈতন্য মণ্ডল (১৯) কে তৃণমূলের গুণ্ডারা খুন করে ঝুলিয়ে দিয়েছে। দুজনের দেহ একসঙ্গে একটি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহের উত্তর লক্ষ্মীপুর এলাকায়। এই দুই বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনার কঠোর সমালোচনা করলেও হিংসা থামছে না।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল সন্ত্রাস কবলিত পশ্চিম মেদিনীপুরের পাঁচকুড়া এলাকায় পরিদর্শনে যাওয়া কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।





