ক্লাস চলাকালীনই ঘটে গেল বড় বিপদ। আচমকাই সিলিং ফ্যান ভেঙে পড়ল দুই ছাত্রীর মাথার উপর। এমন আকস্মিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। সিলিং ফ্যান ভেঙে পড়ায় মাথা ফাটল দুই ছাত্রীর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। এই ঘটনায় হুলস্থূল পড়ে যায় গোটা স্কুলে।
ঘটনাটি ঘটেছে গতকাল, বৃহস্পতিবার হুগলির শ্রীরামপুরের বৈদ্যবাটি সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ে। আহত দুই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে এক ছাত্রীর মাথায় তিনটে সেলাই পড়েছে বলে খবর। আর মাথার পিছনে গুরুতর চোট পেয়েছে অন্য এক ছাত্রী। স্কুল সূত্রে খবর, মাথার স্ক্যান করানো হবে তার
ঘটনাটি কী ঘটেছিল?
জানা গিয়েছে, প্রতিদিনের মতোই গতকাল, বৃহস্পতিবারও ক্লাস চলছিল ওই স্কুলে, যে শিক্ষিকা সেই সময় ওই ক্লাসে ছিলেন, তিনি জানান, ক্লাস চলার সময় আচমকাই সিলিং ফ্যান ভেঙে পড়ে দুই ছাত্রীর মাথার উপর। কেউই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। সকল পড়ুয়া আতঙ্কে ক্লাস থেকে বেরিয়ে যায়। আহত দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে এনে প্রথমে বরফ দেওয়া হয়। এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুই ছাত্রীর মাথা ফেটে যাওয়ায় সেলাই করতে হয়েছে। এই ঘটনার পরই স্কুলের অন্যান্য সিলিং ফ্যান ঠিক অবস্থায় রয়েছে কী না, তা দেখার জন্য ডাকা হয় ইলেকট্রিশিয়ান। অন্যান্য ফ্যানগুলি খতিয়ে দেখেন তারা। স্কুল কর্তৃপক্ষের তরফে এই ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে। তারা জানায়, পড়ুয়াদের নিরাপত্তার জন্য স্কুলের তরফে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবকদের কী বক্তব্য?
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। এই ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেন তারা। তাদের অভিযোগ, ঠিকঠাক পরিচর্যার অভাবেই এমন ঘটনা ঘটেছে। এর থেকে বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনার পর বেশ কিছুসময় বন্ধ থাকে ক্লাস।
প্রসঙ্গত, এটাই প্রথম ঘটনা বয়। এর আগে কিছু মাস আগে এক স্কুল বিল্ডিংয়ের কার্ণিশ থেকে চাঙড় খসে পড়ে। সেই আঘাতে জখম হয়েছিল প্রাথমিকের পড়ুয়া। ঘটনাটি ঘটেছিল বর্ধমানের হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ে। গুরুতর জখম অবস্থায় পড়ুয়াকে নিয়ে বর্ধমান হাসপাতালে যাওয়া হয়েছিল। মাথা ফেটে যাওয়ায় ৪ টি সেলাই পড়েছিল ওই পড়ুয়ার।





