মিষ্টির দোকান লাগোয়া গোডাউনে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মৃত্যু হল ২ কর্মীর। ঘুমের মধ্যেই প্রাণ খোয়ালেন তারা। আশঙ্কাজনক অবস্থা আর ৬ জন কর্মীর। বড়দিনের দিনই এমন এক মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোথায় ঘটেছে এই ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার উইলিয়াম কেরি সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, সেখানে বিপ্লব মণ্ডল নামের ব্যবসায়ীর মিষ্টির দোকান রয়েছে। সেই মিষ্টির দোকানে কাজ করেন ৮ জন কর্মী। গতকাল, রবিবার রাতে কাজ শেষের পর কর্মীরা দোকানের পিছনের একটি ঘরে ঘুমোচ্ছিলেন। সেই ঘরের লাগোয়াই রয়েছে একটি গোডাউন। সেই গোডাউনে ছিল গ্যাস সিলিন্ডার।
মাঝরাতে আচমকাই সেই গ্যাস সিলিন্ডার লিক করতে থাকে বলে জানা গিয়েছে। সকল কর্মীরই ঘুমের ঘোরেই দম বন্ধ হয়ে যেতে থাকে। এক কর্মী দোকানের মালিককে এই বিষয়টি জানান। মালিক এসে গোডাউনের দরজা ভেঙে ভিতরে ঢোকেন।
দেখা যায়, ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন সমস্ত কর্মীরা। তড়িঘড়ি ৮ জনকে উদ্ধার করা হয়। তাদের শোভাপুর সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাদের মধ্যে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তাদের নাম বিধান মণ্ডল ও অতনু রুইদাস।
বাকি ৬ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, অসুস্থ ও মৃত সকলের বাড়িই বাঁকুড়ার বেলিয়াতোড়ে। কীভাবে এভাবে গ্যাস সিলিন্ডার লিক হল, তা এখনও জানা যায়নি। এটা কী দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।





