Udayan Guha Attacked Sukanta Majumdar: উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করার কথা বলেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তেমনই আবেদন জানান তিনি। আর তাঁর এই আর্জি নিয়ে বাংলা তো বটেই দিল্লিতেও বেশ হইচই পড়ে গিয়েছে। সুকান্তের এহেন দাবীতে আবার বাংলা ভাগের ষড়যন্ত্র দেখছে তৃণমূল। এবার এই নিয়ে সুকান্তকে কটাক্ষ করলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha Attacked Sukanta Majumdar)।
কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরেই উত্তর-পূর্ব ভারতে নানান আর্থিক সহায়তা করে আসছে। সুকান্ত মজুমদার তাই চাইছেন, সেই সহায়তা পাক উত্তরবঙ্গও। তাতে উত্তরবঙ্গেরই আখেরে লাভ হবে বলে দাবী সুকান্তর। তবে তৃণমূলের পাল্টা দাবী, এসব করে আসলে বাংলাকে ভাগ করতে চাইছে বিজেপি। উদয়ন গুহর দাবী, উত্তরবঙ্গকে আলাদা করে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চাইছেন সুকান্ত মজুমদার (Udayan Guha Attacked Sukanta Majumdar)।
উদয়ন গুহ সুকান্তকে খোঁচা দিয়ে বলেন, “এর পিছনে ওই একটাই মানসিকতা কাজ করছে। ও দেখছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া ওর কপালে নেই। তাই এখন চাইছে আলাদা হলে যদি সুবিধা হয়। উত্তরবঙ্গকে নর্থ-ইস্টের সঙ্গে যুক্ত করার নাম করে যদি আলাদা রাজ্য করা যায় তাহলে সেখানকার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও থাকতে পারে”। আর এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে ফের রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে (Udayan Guha Attacked Sukanta Majumdar)।
এদিকে আবার সুকান্ত মজুমদার যেদিন উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সঙ্গে জুড়ে দেওয়ার আর্জি জানান, ঠিক তার পরদিনই আবার সংসদে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বাংলার কিছু জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার দাবী তুলেছেন। তাঁর দাবী, বাংলা থেকে পুলিশ গিয়ে ঝাড়খণ্ডে হিন্দুদের ওপর অত্যাচার করছে। এর জেরে সংঘর্ষও। নিশিকান্ত দুবে বলেন, “বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুলিশ ঝাড়খণ্ডে গিয়ে হিন্দুদের ওপর অত্যাচার করছে। একটা কথাও যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে আমি ইস্তফা দেব”।
তিনি বলেন, “মালদহ, মুর্শিদাবাদ, বিহারের কাটিহার, আরারিয়া ও কিষানগঞ্জ জেলাগুলিকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক। নাহলে হিন্দু শূন্য হয়ে যাবে। এনআরসি লাগু করুন। প্রয়োজন হলে কেন্দ্র থেকে একটি টিম পাঠান। নিয়ম জারি করুন, যাতে ধর্মান্তকরণ করে বিয়ের জন্য অনুমতি নিতে হয়”। যদিও সুকান্ত মজুমদার বলেছিলেন যে উত্তর-পূর্বের সঙ্গে যদি উত্তরবঙ্গ যুক্ত হয়, তাহলে উন্নয়নই হবে।





