বদলি হয়ে যাচ্ছেন হেড স্যার, শুনেই কেঁদে ভাসাল পড়ুয়ারা, অকৃত্রিম ভালোবাসার সাক্ষী গোটা স্কুল

বদলির অর্ডার এসেছে হেড স্যারের। আর তা শুনেই চোখে জল পড়ুয়াদের। এমন দৃশ্য দেখে যেন চোখের জল বাঁধ মানল না অভিভাবকদেরও। এমন এক অকৃত্রিম ভালোবাসার নিদর্শন ফুটে উঠল ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী প্রাথমিক বিদ্যালয়ে।  

এই স্কুলের দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। পড়ুয়ারা যেন তাঁর সন্তানসম। তাদের সঙ্গে এক আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে তাঁর। পড়ুয়াদের কাছেও তাদের হেড স্যার অভিভাবকের মতোই।

সেই কারণেই পড়ুয়াদের দাবী, তাদের হেড স্যার তাদের কাছে ভগবানতুল্য। তাঁর মতো ভালো মানুষকে কেন বদলি করে দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলে পড়ুয়ারা।

এই বিষয়ে সুব্রত মুখোপাধ্যায় জানান, সব স্কুলের এখন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। চলছে বদলি প্রক্রিয়াও। সেই কারণেই স্বাভাবিক নিয়মে তাঁকেও বদলি হয়ে যেতে হচ্ছে। তাঁর কথায়, তাঁর সমস্ত ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে এক আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে তাঁর। সেই কারণে বদলি হতে খুব খারাপ লাগছে শিক্ষকের।

প্রধান শিক্ষক যে বদলি হচ্ছেন, তা গত শুক্রবার জানতে পারেন অভিভাবকরা। এই নিয়ে প্রতিবাদ জানান তারা। গতকাল, শনিবার স্কুল খুলতেই বদলির প্রতিবাদে আন্দোলন করেন তারা। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান।

RELATED Articles