গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এই পাচার কাণ্ডে নাম জড়িয়েছে আরও তৃণমূলের সঙ্গে জড়িত নানান ব্যক্তিরও। এমন পরিস্থিতিতে এবার এক বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এক সভায় তিনি বলেন, “ইডি-সিবিআই আমাকেই কোনদিন গরুপাচারকারী বলে জেলে ঢুকিয়ে দেবে”।
গতকাল, শনিবার কোচবিহারের দিনহাটায় একটি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তিনি এদিন বেশ আশঙ্কা প্রকাশ করেই বলেন, “যে কোনও সময় আমাকেই হয়ত ইডি-সিবিআই আমাকেই হয়ত গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে। তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন আপনারা”।
এরপর বিএসএফ-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে উদয়ন গুহ বলেন, “বিএসএফ গরু পাচারের সাথে সরাসরি যুক্ত। বিএসএফ যুক্ত থাকলে বিএসএফের মন্ত্রীদের জেলের ভিতর থাকার কথা। কারণ বিএসএফ সিবিআইকে জানিয়েছে গরু প্রতি ২০০০ টাকা করে তাদের দেওয়া হত”।
শুধু তাই-ই নয়, তিনি এদিন আরও বলেন, “মন্ত্রী হয়ে আমি এক পা জেলার বাইরে ও এক পা জেলের ভেতরে ঢুকিয়ে রেখেছি। যে কোনও সময় ইডি অথবা সিবিআই আমাকে গরু পাচার এবং কয়লা পাচার কাণ্ডে জড়িয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দিতে পারে”।
গরু পাচার কাণ্ডে সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর থেকেই গোটা রাজ্য ও রাজনীতি এখন উত্তাল। বিরোধীরা একদিকে এই গ্রেফতারিকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে। শাসক দলকে নানা ভাবে কটাক্ষ করেছে বাম-বিজেপি। তবে এই গ্রেফতারি নিয়ে কার্যত অনুব্রতর পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক সভা থেকে মমতা বলেছিলেন, “কাল আমার বাড়িতে গেলে রাস্তায় নামবেন তো? আমারটা আমিই লড়ে নেব। কাল যদি আমার বাড়িতে সিবিআই যায়, আপনারা পথে নামবেন তো? রাস্তায় নেমে আন্দোলন করবেন তো? আমারটা আমি দেখে নেব। আপনাদেরটা কিন্তু আপনাদেরকেই দেখতে হবে”। তবে উদয়ন গুহ যে মন্তব্য করলেন, তাতে যে বিতর্কের আঁচে ঘি পড়ল, তা বলাই বাহুল্য।





