ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল খিদিরপুরে। ভারবাহী লরি একটি গাড়ির উপর উলটে যাওয়ায় প্রাণ হারালেন ওই গাড়িতে থাকা তৃণমূল কাউন্সিলর তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ রাম পিয়ারি রামের ছেলে রাম কিঙ্কর রামের। লরিটি ওভারলোডেড ছিল বলে জানা গিয়েছে। ওই লরি এসইউভি-র উপর উলটে যাওয়ায় চিঁড়েচ্যাপটা হয়ে যায় গাড়িটি। রাস্তার বেহাল অবস্থাকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটে গতকাল, শনিবার রাত ৯টা নাগাদ দক্ষিণ পোর্ট থানার অন্তর্গত কান্তাপুকুর এলাকায় রিমাউন্ট রোডে। ট্রাকটি বন্দর থেকে সারের বস্তা বোঝাই করে শহরের দিকে আসছিল। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ট্রাকটিতে অতিরিক্ত বস্তা বোঝাই করা ছিল। চক্র রেলের একটি ব্রিজের তলা দিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে যেতে থাকা রাম পিয়ারি রামের পুত্রের গাড়িতে আচমকাই লরিটি উলটে পড়ে যায়। গাড়িটি কার্যত রাস্তার সঙ্গে মিশে যায়।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ ও দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী। গ্যাস কাটার দিয়ে গাড়ি থেকে পিষ্ট হয়ে যাওয়া কাউন্সিলরের ছেলেকে উদ্ধার করা হয়। কিন্তু এসএসকেএমে নিয়ে যাওয়া হল তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, গাড়ির তলায় চাপ চাপ রক্ত পড়েছিল। তবে গাড়ি থেকে কাউন্সিলরের ছেলেকে উদ্ধার করার পরও তাঁর শরীরে প্রাণ ছিল বলে জানা গিয়েছে। হাসপাতাল নিয়ে যাওয়ার সময় রাস্তাতে তাঁর মৃত্যু হয়। খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন প্রাক্তন বিধায়ক পিয়ারি রাম ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
স্থানীয় বাসিন্দাদের কথায়, বেহাল রাস্তার অবস্থাই এই দুর্ঘটনার জন্য দায়ী। তাদের অভিযোগ, এই রাস্তা দিয়ে ভারী লরি গেলেও রাস্তার কোনও সংস্কার হয়না। এর জেরে তৃণমূল কাউন্সিলরের ছেলের প্রাণ গেল। তারা এও অভিযোগ করেন যে রাস্তা এই অবস্থা নিয়ে প্রশাসনের কাছে তারা বারবার অভিযোগও জানিয়েছেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!