‘একটা চড় মারলে বিজেপি কর্মীদের পাল্টা ১০টা থাপ্পড় মারতে হবে’, দলকে নিদান উদয়নের, পাল্টা সুর চড়াল বিজেপির মহিলা ব্রিগেডও

ফের একবার বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গতকাল, শুক্রবারও সুর চড়িয়েছিলেন তিনি। তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক মহলে চাপানউতোর ছিলই। এরই মধ্যে ফের আরও এক তির্যক মন্তব্য করলেন তৃণমূল নেতা।

কী ঘটছে ঘটনাটি?

আজ, শনিবার সকাল থেকেই কোচবিহারের ভেটাগুড়ি বেশ উত্তপ্ত। তৃণমূলের একটি কার্যালয় খোলার পরেই সেখানে বোমাবাজির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়ার অভিযোগ, তৃণমূলের নেতাকর্মীরা ভেটাগুড়ি অঞ্চলে জমায়েত করার পর বিজেপির কর্মী-সমর্থকরা সেখানে বোমা ছোঁড়ে। এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরেই ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় মিছিল করে তৃণমূল।

কী বলেছেন উদয়ন গুহ?

এই ঘটনার প্রেক্ষিতে উদয়ন গুহ বলেন, “পার্টি অফিস খোলাটা তো কোনও সমস্যার নয়। কিন্তু, যেভাবে সন্ত্রাস এখানে তৈরি করা হয়েছে, তির ছোড়া হয়েছে ব্লক সভাপতিকে। এরপর তো ওরা যে ভাষায় কথা বলে আমরা সে ভাষা প্রয়োগ করতে বাধ্য হব। পিছনদিকে পুঁটিমারি সামনের দিকে ডাউনহাট, কোনও বিজেপি কর্মী ওপাশে রেল লাইন ক্রশ করতে পারবে না, এপাশে প্রান্তিক বাজার পার হতে পারবে না। এটা চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি”। 

তিনি আরও বলেন, “আমাদের এক কর্মীকে থাপ্পড় মেরেছে বিজেপির এক মস্তান। এমন আবার হলে পাল্টা ১০ টা করে থাপ্পড় মারতে হবে”।

এদিকে আবার বিজেপির দাবী, মন্ত্রী উদয়ন গুহ বাইরে থেকে লোক নিয়ে এসে শান্ত ভেটাগুড়িকে অশান্ত করছেন। এর প্রতিবাদে মিছিল ভেটাগুড়ির বিজেপি মহিলা সমর্থকদের। তাঁদের দাবি, মন্ত্রী যেহেতু বাইরে থেকে লোক নিয়ে এসে ভেটাগুড়িতে অশান্তি করেছেন, তাই তাঁর দেখা পেলে মন্ত্রীকে ঝাঁটাপেটা করা হবে। এভাবেই ক্ষোভ প্রকাশ বিজেপির মহিলা কর্মী সমর্থকদের।

তীব্র কটাক্ষ শানান বিজেপি বিধায়ক সুশীল বর্মণও তিনি বলেন, “তৃণমূল তো গুলি বন্দুকের কোম্পানি। গোটা বাংলায় তো নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেদের লোকেদের মারছে। প্রশাসন তো অপদার্থ। কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষ তৃণমূলকে চাইছে না। তাই বোমা-বন্দুকের মাধ্যমে হারিয়ে যাওয়া মাটি ফেরানোর চেষ্টা করছে”।

RELATED Articles