ফের একবার ভোটের আগে উত্তপ্ত দিনহাটা। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। দাবী, বিজেপির মিছিল থেকে হামলা করা হয়েছে। এদিকে আবার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের মিছিলের তৃণমূলের হামলার পাল্টা অভিযোগ উঠল। ফের তুঙ্গে উদয়ন-নিশীথ (Udayan-Nisith) দ্বন্দ্ব।
ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে গতকাল, রবিবার সন্ধ্যেয় দিনহাটার হরিণ চওড়া এলাকায়। জানা গিয়েছে, এদিন দিনহাটা থেকে কর্মসূচি সেরে কোচবিহারে ফিরছিলেন উদয়ন গুহ। ঘুঘুমারির তোর্ষা ব্রিজের পর হরিণ চওড়া এলাকা দিয়ে মন্ত্রীর গাড়ি যাচ্ছিল বলে খবর। অভিযোগ, সেই সময় তাঁর গাড়িতে হামলা করা হয়। গাড়ির পিছন দিকে কাচ ভেঙে দেওয়া হয়েছে বলে দাবী।
কী অভিযোগ উদয়ন গুহর?
উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী জানান, এদিন দিনহাটা থেকে কর্মসূচি সেরে কোচবিহারে পার্টি অফিসে যাচ্ছিলেন তিনি। স্থানীয় নেতাদেরও সেই মতোই সব জানিয়ে দিয়েছিলেন। কিন্তু ঘুঘুমারি ব্রিজের কাছে দেখা যায় সেখানে অন্যান্য গাড়ি সারি সারি হয়ে দাঁড়িয়ে। জানা যায়, সেখানে বিজেপির মিছিল চলছিল। সেই সময়ই তাঁর গাড়ি পৌঁছতেই গাড়িতে হামলা করা হয় বলে দাবী উদয়ন গুহর।
তিনি বলেন, “কোতোয়ালি থানার আইসি যখন বুঝতে পারেন আমি আসছি তিনি তাঁর গাড়িকে আমার গাড়িগুলির মধ্যে ঢুকিয়ে পার করে আনার চেষ্টা করেন। সব গাড়ি বেরিয়ে গিয়েছে। হঠাৎই আমার গাড়িতে আক্রমণ শুরু হল। প্রতিটায় লাঠির বারি। আমার অ্যাটেনডেন্টকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটানো হল। গাড়ি ভাঙচুর করা হল”।
কী বললেন নিশীথ প্রামাণিক?
এদিকে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের দাবী, তৃণমূলের লোকজন হামলা চালিয়ে বিজেপির মিছিলের উপর। তাঁর অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী আচমকাই উদয়ন গুহর কনভয়ের পিছন থেকে বের হয়ে তাদের মিছিলের উপর চড়াও হয়। তাদের দলের অনেক কর্মীই রীতিমতো তৃণমূলের গাড়ির নীচে যেতে যেতে বেঁচেছে। নিশীথের অভিযোগ, সেই সময় সেখানে পুলিশ উপস্থিত থাকলেও, পুলিশ তৃণমূলের লোকজনকে আটকায় নি।
প্রসঙ্গত, উদয়ন গুহ ও নিশীথ প্রামাণিকের (Udayan-Nisith) মধ্যে বাকবিতণ্ডা নতুন কোনও খবর নয়। তবে এবার তারা একে অপরকে যেন সামনাসামনি আক্রমণ করতে শুরু করেছেন। গত মাসে আরও একবার সম্যক সমরে নেমেছিলেন উদয়ন-নিশীথ। রাস্তার মধ্যেই সংঘাত বাঁধে দু’পক্ষের। সেই সময় নিশীথের দিকে তেড়ে যেতেও দেখা গিয়েছিল উদয়ন গুহকে। সেই ঘটনার রেশ কাটতে কাটতেই ফের গতকালের এই ঘটনা।





