‘দুর্নীতিবাজদের বাঁচাতে গিয়ে দলটাই বিক্রি করে দেবেন, কালীঘাটে বন্দি হয়ে যাবেন উনি’, মমতাকে ফের খোঁচা দিয়ে ভবিষ্যৎবাণী দিলীপের

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক নেতাদের শানানো, ধমকানো ততই বেড়ে যাচ্ছে। এবার তৃণমূল বা বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক ভবিষ্যৎবাণী করে দিলেন বিজেপি নেতা দিলীপ নেতা। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিবাজদের এতটাই তোল্লাই দেন যে এই করেই তিনি একদিন নিজের দলটাই বিক্রি করে দেবেন।

গতকাল, রবিবার কৃষ্ণনগর থেকে ভোটের প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে তিনি দাবী করেছেন যে লোকসভা ভোটে বিজেপি ২০০-এর বেশি আসন পাবে না। বাংলাতেও বিজেপি জামানত জব্দ হবে বলে দাবী মমতার। এবার তাঁর সেই দাবী পাল্টা দিলেন বিজেপির বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ।

এদিন কৃষ্ণনগরের সভা থেকে ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে তলব করেছিল ইডি। তবে তিনি হাজিরা দেন নি। গতকালের সভাতে মতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি তলব করলে হাজিরা দেওয়ার কোনও দরকার নেই। এই প্রসঙ্গেই আজ, সোমবার দিলীপ ঘোষ বলেন, “উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) তাঁদের হয়েই কথা বলেন যাঁরা চোর, দুর্নীতিবাজ, লুটেরা”।

ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। সেই ঘণ্টার প্রসঙ্গ টেনেও এদিন কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বললেন, “লজ্জা হওয়া উচিত। বাংলার একজন মহিলা সাংসদ হয়ে তিনি এমন কাজ করেছেন। এর জন্য তাঁর চাকরি চলে গেছে। তাঁর কোয়ার্টার থেকে তাঁকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এসব দুর্নীতিবাজদের বাঁচাতে বাঁচাতে পার্টিটাই বিক্রি করে দেবেন”।

ইডি-সিবিআই তলব করলেও যদি কেউ হাজিরা না দেন, তাহলে কী হবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “না গেলে কী হবে, কেষ্ট আর পার্থকে জিজ্ঞেস করতে হবে। ইডি-সিবিআইয়ের সঙ্গে পাঙ্গা নিতে নেই। যাঁরা চুরি, লুঠ করেছে তাঁদের ভগবানও বাঁচাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে একদিন বন্দি হয়ে যাবেন। কেউ দিদিও বলবে না”।

RELATED Articles