রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। নানান দুর্নীতিতে বর্তমানে জেলবন্দি রাজ্য সরকারের একাধিক নেতা। এবার দুর্নীতির অভিযোগ উঠল কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। সেই অভিযোগ তোলা হল বিজেপিরই একাংশের তরফে। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন দলীয় কর্মীরা। তাঁকে কার্যালয়ে তালাবন্ধ করে বিক্ষোভ দেখান তারা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী।
কী ঘটেছে ঘটনাটি?
জানা গিয়েছে, আজ, মঙ্গলবার বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। এদিন বৈঠক চলাকালীনই আচমকা সেখানে হাজির হন কয়েকজন বিজেপি কর্মী। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন তারা।
তাদের অভিযোগ, এই কাজে দলের জেলা সভাপতিও জড়িত। এই অভিযোগ নিয়ে এদিন দুপুরে জেলা কার্যালয়ের সামনে প্রথমে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা। ‘সুভাষ সরকার দূর হটো’ বলে স্লোগান উঠতে থাকে। এরপর যে কক্ষে বৈঠক চলছিল সেই কক্ষের দরজায় তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। ব্যাপক শোরগোল পড়ে যায়।
কী অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে?
বিজেপি কর্মীদের একাংশ অভিযোগ করেছেন, সুভাষ সরকার লক্ষ টাকার বিনিময়ে কল্যাণী এইমসে অনেককে চাকরি পাইয়ে দিয়েছেন। এমনকি, দলের পদও বিক্রি করেছেন তিনি মোটা টাকার বিনিময়ে, এমনও অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা। এই নিয়েই এদিন দুপুরে প্রতিবাদ করেন তারা। প্রায় দু’ঘণ্টা তালাবন্দি ছিলেন তিনি। বাঁকুড়া পুলিশ এসে উদ্ধার করে তাঁকে।
কী প্রতিক্রিয়া তৃণমূলের?
এই বিষয়ে তৃণমূল বিধায়ক তথা মুখপাত্র তাপস রায় বলেছেন, “কদিন আগে কোচবিহারের নিশীথ প্রামানিকের গাড়ির উপর হামলার ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুভাষ সরকারও কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর উপর হামলার ঘটনারও এনআইএ তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি”।





