জল যন্ত্রণা থেকে কী মুক্তি মিলবে নাকি অব্যাহত থাকবে বৃষ্টি? কী জানাল আবহাওয়া দফতর

দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবাত রয়েছে। এরই সঙ্গে মৌসুমি অক্ষরেখার অবস্থান রয়েছে পুরুলিয়া, দিঘা হয়ে উত্তর-পূর্ব সাগর পর্যন্ত। এর জেরেই এদিন সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানান জেলায় বৃষ্টিপাত হচ্ছে।

তবে এই ঘূর্ণাবাত কিছুটা দক্ষিণে সরে যাওয়ায় রাজ্যের উপর এর প্রভাব কমবে। এর জেরে আগামীকাল, রবিবার বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে জানা গিয়েছে। তবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়াও, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দু’দিন পর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

জানা গিয়েছে, আগামী ১০ থেকে ১৪ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে এগিয়ে যাবে। এর ফলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। আজ কলকাতায় আকাশ মেঘলা থাকবে ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।

আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছিই থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রী বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রী বেশি।

RELATED Articles