টিকা রয়েছে কিন্তু সিরিঞ্জ নেই, আর এর বন্ধ টিকাকরণ। হ্যাঁ, এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে বাঁকুড়ার একাধিক এলাকায়। আর এর জেরেই চরম ভোগান্তির মুখে পড়েছে সেখানকার মানুষ।
এর আগে পর্যাপ্ত টিকার জোগান না থাকায় টিকাকরণ বন্ধ হয়ে গিয়েছে, এমন ঘটনার কথা শোনা গিয়েছে। কিন্তু টিকা মজুত থাকা সত্ত্বেও সিরিঞ্জের অভাবে টিকাকরণ বন্ধ, এমন ঘটনা বোধ হয় রাজ্যে প্রথম।
বাঁকুড়া জেলা স্বাস্থ্য় দফতর এই কারণে বেশ কিছু ব্লকেই টিকাকরণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এর জেরে টিকা নেওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এলেও ফিরে যেতে হচ্ছে। টিকার দ্বিতীয় ডোজ পেতেও হয়রান হতে হচ্ছে জনগণকে। এরকমই এক টিকাপ্রাপক জানান যে তিনি টিকা নিতে এসে জানতে পারেন যে সিরিঞ্জ না থাকার কারণে টিকাকরণ হচ্ছে না।
বাঁকুড়া ২ নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবজ্যোতি গোস্বামী জানান যে তাদের কাছে অনেক টিকা রয়েছে। কিন্তু টিকা দেওয়ার জন্য সিরিঞ্জ নেই। তিনি জানান যে টিকার সঙ্গে সঙ্গে সিরিঞ্জের জোগান সমানভাবে হচ্ছে না। গত কয়েকদিন ধরে অন্য কাজের জন্য বরাদ্দ সিরিঞ্জ দিয়ে টিকা দেওয়া হচ্ছিল। কিন্তু এখন সেই ভাঁড়ারও শূন্য। এর ফলে মাসের পর মাস ধরে যে গতিতে টিকাকরণ চলছিল, সেই প্রক্রিয়া এখন বন্ধ।
আরও পড়ুন- অভিষেকের পদযাত্রার রাস্তায় জল, ত্রিপুরায় তৃণমূলের কর্মসূচিতে অনুমতি দিল না সে রাজ্যের পুলিশ
এই প্রসঙ্গে বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন জানান যে এই বিষয়টি রাজ্য স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে। সিরিঞ্জ এলেই ফের টিকাকরণ চালু হবে। কোভিশিল্ড, কো-ভ্যাক্সিনের জোগান থাকা সত্ত্বেও শুধুমাত্র সিরিঞ্জ নেই বলে বাঁকুড়ার মানুষের জুটছে না টিকা। এর জেরে সর্বসাধারণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।





