বিগত কয়েকদিন ধরেই নানান কারণে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Viswa Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (VC Bidyut Chakraborty)। এবার বিশ্বভারতীর বসন্ত উৎসব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বললেন, “বসন্ত উৎসবের নামে এখানে বসন্ত তাণ্ডব হত। তাই বন্ধ করে দিয়েছি”। বিশ্বভারতীর ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে বসন্ত উৎসব (Basant Utsav)। তাই উপাচার্যের এহেন মন্তব্যে ফের নতুন করে চর্চা শুরু হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে ২০২০ সাল থেকে বন্ধ বিশ্বভারতীর বসন্ত উৎসব। গত বছর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও হয়নি বসন্ত উৎসব। এবারেও তা হবে না। বসন্ত উৎসবের বদলে আয়োজন করা হয়েছে বসন্ত বন্দনার। আর সেই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলেও বেশ আলোচনা শুরু হয়েছে।
এবার বসন্ত উৎসব বন্ধ রাখা নিয়ে উপাসনা গৃহে বসে মুখ খুললেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বলেন, “বসন্ত উৎসবের নামে বসন্ত তাণ্ডব চলে বিশ্বভারতীতে। কিছু বুড়ো খোকারা থাকেন এর পিছনে। তাই তাণ্ডব বন্ধ করেছি। বসন্ত বন্দনা হবে”।
উপাচার্য আরও বলেন, “রবীন্দ্রনাথ উৎসব চাননি, তিনি বন্দনা চেয়েছিলেন। আমরা সেটাই করব। তাণ্ডব বন্ধ করে হবে বসন্ত বন্দনা”। এদিন ফের একবার বিশ্বভারতীর একাংশকে অর্ধশিক্ষিত-অশিক্ষিত বলে কটাক্ষ করেন তিনি।
বলে রাখা ভালো, এর আগেও নানান বিতর্কে নাম জড়িয়েছে উপাচার্য বিদ্যুত চক্রবর্তীর। আশ্রমিকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কার্যত আক্ষেপের সুরে উপাচার্য বলেছিলেন, শান্তিনিকেতনের রাবীন্দ্রিক, আশ্রমিক এবং প্রাক্তনীরা অশিক্ষিত ও অল্প শিক্ষিত। বিদ্যুৎ চক্রবর্তী কটাক্ষ করে আরও বলেছিলেন যে এ সব ব্যক্তিরা বিশ্বভারতীকে কুলষিত করছেন।






