জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের পরই নবান্নে বিনীত গোয়েল, পুলিশ কমিশনারের অপসারণ নিয়ে বাড়ছে জল্পনা, নতুন সিপি-র পদে কে?

প্রায় ২২ ঘণ্টা অবস্থান বিক্ষোভের পর গতকাল, মঙ্গলবার সন্ধ্যেয় অবশেষে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ২২ জনের প্রতিনিধি দল গিয়েছিল লালবাজারে সিপি-র সঙ্গে দেখা করতে। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবীপত্র তুলে দেওয়া হয় খোদ পুলিশ কমিশনারের হাতেই। যাতে স্পষ্ট লেখা ছিল, তারা চান যাতে বিনীত গোয়েল পদ থেকে সরে যান।

পুলিশ কমিশনারের পদত্যাগের দাবীতে গত সোমবার লালবাজার অভিযানের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। তবে তাদের মিছিল ফিয়ার্স লেনে আটকে দেয় পুলিশ। ফলে ব্যারিকেডের বাইরে অবস্থান বিক্ষোভ করেন তারা। তাদের দাবী ছিল, হয় পুলিশ কমিশনার তাদের সঙ্গে কথা বলবেন, তা নাহলে পদত্যাগ করবেন। অবশেষে গতকাল, মঙ্গলবার ব্যারিকেড তুলে দিয়ে মিছিলকে যেতে দিতে বাধ্য হয় পুলিশ। জুনিয়র চিকিৎসকদের ২২ জনের প্রতিনিধি দল দেখা করে বিনীত গোয়েলের সঙ্গে।

সূত্রের খবর, চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ সেরেই নবান্নে যান পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হয়েছে কী না, তা জানা যায়নি। তবে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে দেখা করেছেন তিনি। এরই মধ্যে তুমুল জল্পনা রয়েছে বিনীত গোয়েলের অপসারণের। শোনা যাচ্ছে, আজকালের মধ্যেই সরিয়ে দেওয়া হতে পারে পুলিশ কমিশনারকে। আগামীকাল, ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি রয়েছে। তার আগেই এমন কোনও পদক্ষেপ নিতে পারে নবান্ন, এমনটাই খবর।

তৃণমূলেরই এক নেতার কথায়, পুলিশ কমিশনারের হাতেই তাঁর পদত্যাগের স্মারকলিপি তুলে ঘটনা বেনজির। কিন্তু প্রশ্ন উঠেছে, ২২ ঘণ্টা ধরে কেন চিকিৎসকদের অপেক্ষা করালেন বিনীত গোয়েল? সোমবারই কেন চিকিৎসকদের সঙ্গে দেখা করলেন না তিনি? আবার অনেকের কথাতেই, এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে পুলিশ কমিশনার নিজে সব সিদ্ধান্ত নিচ্ছেন তা নয়, তাঁকে হয়ত নবান্নের অনুমতি নিতে হচ্ছে।

আরও পড়ুনঃ ‘আগে কেন নির্যাতিতার প্রতি সহানুভূতি দেখান নি, শেখ শাহজাহানকেও ফাঁসি দেওয়া হবে তো?’, মমতার ধর্ষণ-বিরোধী নতুন বিল পেশ করা নিয়ে প্রশ্ন বিজেপি নেতার

এসবের মধ্যেই এবার জল্পনা উঠেছে নতুন পুলিশ কমিশনার কে হবেন, তা নিয়ে। বিনীত গোয়েলের অপসারণ সময়ের অপেক্ষা মাত্র, এমনটাই সূত্রের খবর। যদি তেমনটাই হয় তাহলে পীযূষ পাণ্ডে বা অজয় রানাডে-কে পরবর্তী পুলিশ কমিশনার পদে আনা হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এসবই জল্পনা মাত্র। আদৌ বিনীত গোয়েলকে সরানো হবে কী না বা নতুন পুলিশ কমিশনার কে হতে চলেছেন, তা তো সময়ই বলবে!

আরও অন্যান্য খবর