‘আগে কেন নির্যাতিতার প্রতি সহানুভূতি দেখান নি, শেখ শাহজাহানকেও ফাঁসি দেওয়া হবে তো?’, মমতার ধর্ষণ-বিরোধী নতুন বিল পেশ করা নিয়ে প্রশ্ন বিজেপি নেতার

আর জি কর কাণ্ডের জেরে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তো বটেই, গোটা দেশ উত্তাল। বিদেশের মাটিতেও পড়েছে এই আন্দোলনের আঁচ। আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবী উঠেছে সমস্ত মহল থেকেই। এমন আবহে ধর্ষণ-বিরোধী বিল পেশ করেছে রাজ্য সরকার। তা নিয়েই এবার কটাক্ষ বিজেপির।

ধর্ষকদের কঠোরতম শাস্তি দেওয়ার আইন প্রণয়নের দাবীতে কেন্দ্র সরকারকে দু’বার চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই চিঠির জবাব মেলেনি। এরপরই নতুন বিল পেশ করার প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, মঙ্গলবার বিধানসভায় ধর্ষকদের কঠোর শাস্তি দেওয়ার বিল পেশ করেছে মমতা সরকার। ‘অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড সংশোধনী বিল’-এর এবার কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর প্রশ্ন, একইভাবে কী তাহলে শেখ শাহজাহানকেও ফাঁসি দেওয়া হবে?

শিবরাজ সিং চৌহানের কথায়, মমতা এই বিল এনেছেন শুধুমাত্র নজর ঘোরানোর জন্য। তাঁর কথায়, “চাপে পড়ে দিদি এই বিল এনেছে। আরজি করের ঘটনা থেকে নজর ঘোরানোর জন্যই এই চেষ্টা করা হয়েছে। আগে এই বিল আনেননি কেন? আগে কেন সহানুভূতি দেখাননি নির্যাতিতার প্রতি”?

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সংযোজন, “দিদির জবাব দেওয়া উচিত। এই আইনে কি শেখ শাহজাহানের মতো লোকদেরও মৃত্যুদণ্ড দেওয়া হবে? এটা শুধু নজর ঘোরানোর চেষ্টা। এই ধরনের আইন আনার কোনও অর্থই হয় না”।

আরও পড়ুনঃ আর জি কর কাণ্ডের প্রতিবাদে অনন্য নজির গড়লেন চিকিৎসক সমাজ, অবস্থান বিক্ষোভের শেষে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করলেন নিজেরাই

বলে রাখি, চলতি বছরের জানুয়ারি মাসে রেশন দুর্নীতির মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি তদন্তে গেলে হামলার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। সেই সময় থেকেই পলাতক ছিলেন শাহজাহান। এরপরই শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে গর্জে ওঠেন সন্দেশখালির মহিলারা। জোর করে জমি দখল, নারী নির্যাতন, শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এর কিছুদিন পর গ্রেফতার করা হয় শাহজাহানকে। আপাতত জেলবন্দি তৃণমূল নেতা। নারী নির্যাতনের ঘটনায় তাঁরও ধর্ষক বিরোধী আইনের মতো শাস্তি হবে কী না, সেই প্রশ্নই করেছেন কেন্দ্রীয় নেতা!

RELATED Articles