ভোটের আগে রণ*ক্ষেত্র জগদ্দল! অর্জুন সিংয়ের বাড়িতে হামলার অভিযোগ, গুলিতে জখম কেন্দ্রীয় জওয়ান, তৃণমূল কাউন্সিলরসহ ৪ গ্রেফ*তার, চাপে প্রশাসন!

ভোটের ঠিক আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার জগদ্দল। রাজনৈতিক সংঘর্ষ, গুলিচালনা এবং জখমের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র চাপানউতোর, আর পরিস্থিতি সামাল দিতে নামাতে হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

ঘটনার সূত্রপাত জগদ্দলের আটচালা বাগান এলাকায়, যেখানে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা থেকে সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি। অভিযোগ উঠেছে, বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় এবং গুলিও ছোড়া হয়। সেই সময় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক পবন সিংয়ের নিরাপত্তারক্ষী সিআইএসএফ জওয়ান যোগেশ শর্মা। গুলির আঘাতে তাঁর পায়ে চোট লাগে এবং দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার পরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, বিজেপি প্রার্থী রাজেশ কুমার থানায় অভিযোগ জানাতে গেলে নতুন করে অশান্তি শুরু হয়। থানার সামনেই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ইটবৃষ্টির অভিযোগ ওঠে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অভিযোগ করা হয়, থানার সামনে সংঘর্ষের পর তৃণমূল কর্মীরা পবন সিংয়ের বাড়িতে হামলা চালায় এবং সেখানেই গুলিচালনার ঘটনা ঘটে, যাতে আহত হন ওই সিআইএসএফ জওয়ান।

অন্যদিকে, ভাটপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী পাল্টা দাবি করেছেন, তাঁদের এক কর্মীকে বিজেপি সমর্থকরা মারধর করে। সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে বিজেপি নেতা অর্জুন সিং ও তাঁর অনুগামীরা তৃণমূল কর্মীদের উপর চড়াও হন বলে অভিযোগ। ফলে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফা বাকি, তার আগেই গেরুয়া আবির ‘আউট অফ স্টক’! বাজারে কি সত্যিই বদলের ইঙ্গিত?

ঘটনার পরই পুলিশ নড়েচড়ে বসে এবং শুরু হয় ধরপাকড়। ইতিমধ্যেই তৃণমূলের এক কাউন্সিলর-সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ভাটপাড়ার ভাইস চেয়ারম্যানের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। নির্বাচন কমিশনও এই ঘটনায় রিপোর্ট তলব করেছে। বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, তবে এখনও জগদ্দলের বাতাসে টানটান উত্তেজনা স্পষ্ট।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর