দরজা বন্ধ করে পুলিশের সামনেই চলছে দেদার ছাপ্পা ভোট, শাসকদলের বিরুদ্ধে ভোট রিগিংয়ের অভিযোগ উত্তর দমদমে

আজ রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন। এদিন সকাল থেকেই রাজ্যের নানান প্রান্ত থেকে ভোট নিয়ে একাধিক অভিযোগের খবর শোনা গিয়েছে। কোথাও কোনও এজেন্টকে বুথের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, তো কোথাও আবার ছাপ্পা ভোট করানোর অভিযোগ।

এবার সেই একই অভিযোগ উঠে এল উত্তর দমদম থেকেও। এদিন ভোট শুরু হওয়ার পর থেকেই উত্তপ্ত দমদম এলাকা। উত্তর দমদম হোক বা দক্ষিণ দমদম, সব জায়গা থেকেই ভোটগ্রহণ শুরু থেকেই নানান অভিযোগ উঠে এসেছে। ফের অভিযোগ উত্তর দমদমের ২ নম্বর ওয়ার্ড থেকে।

এদিন ২ নম্বর ওয়ার্ডের ১০৭ নম্বর বুথে চলতে থাকে ছাপ্পা ভোট। দরজা বন্ধ করে এদিন এই বুথে চলছিল ভোট রিগিং। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট করানোর অভিযোগ ওঠে এই বুথে। বুথের বাইরে দাঁড়িয়ে থাকত দেখা যায় পুলিশ বাহিনীকে। কিন্তু পুলিশ যেন নির্বাক দর্শক।

বুথে দরজা বন্ধ করে ভোট করানো হচ্ছে দেখেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এই নিয়ে পুলিশকে প্রশ্ন করা হলেও কোনও জবাব মেলেনি। উপরন্তু, এক ব্যক্তিকে বলতে শোনা যায়।, ‘সিপিএমের জমানায় এমন হয়ে এসেছে, এবার এই জমানাতেও এমনই হবে’।

RELATED Articles