অঝোরে বৃষ্টি হয়েই চলেছে, টানা বৃষ্টিতে জলমগ্ন শহরের নানান প্রান্ত, পুজোর সময়ও ভাসবে বাংলা? কবে বদলাবে আবহাওয়া?

চলতি সপ্তাহের সোমবার থেকেই একটু একটু করে বদলাতে শুরু করেছিল আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে গতকাল, বুধবার থেকে দক্ষিণবঙ্গের নানান প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। ভারী বৃষ্টির আশঙ্কা একাধিক জেলায়। টানা বৃষ্টির জেরে কলকাতার নানান অংশ জলমগ্ন। এই বৃষ্টির পরিস্থিতি কী দুর্গাপুজোর সময়ও থাকবে? জানতে উদগ্রীব বাঙালি।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার এক নাগাড়ে বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। এদিন কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা। সকালে ভারী বৃষ্টি হলেও আপাতত ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। আগামীকাল, শুক্রবারও বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।  

শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর। দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল, শুক্রবারও কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

উত্তরবঙ্গে এমন প্রবল বৃষ্টির জেরে ধস নামার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে দুই বঙ্গেরই নদীর জলস্তর বাড়তে পারে। কোথাও কোথাও আবার নদীর জলস্তর বিপদসীমা পার করতে পারে বলে পূর্বাভাস। নিচু এলাকায় প্লাবন হতে পারে এর ফলে।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৮ শতাংশ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles